বুধবার (২১ অক্টোবর) ডিএমপির গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইলিয়াস কবির এ তথ্য জানান।

তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে বাড়িটিতে অভিযান চালানো হয়। সেখানে গিয়ে ডিজে পার্টির আয়োজন দেখতে পান পুলিশ সদস্যরা। বাড়ির সামনে প্রায় ২২টি গাড়ি ছিল। ভেতরে উচ্চ শব্দে গান বাজছিল এবং সিসা সেবনের কারণে পরিবেশ ধোঁয়াচ্ছন্ন হয়ে ছিল বলে জানান তিনি।

ইলিয়াস কবিরের দাবি, পার্টিতে উপস্থিত ব্যক্তিদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ব্যাংকারও ছিলেন। সেখানে ২৬ জন তরুণী ছিলেন, যাঁদের অধিকাংশের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। তাঁদের মধ্যে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীও ছিলেন বলে জানান তিনি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযানে মদের তিনটি বোতল, ইয়াবা ও কুশ নামের একটি মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ছাড়া যৌনস্বাস্থ্য-সংশ্লিষ্ট সামগ্রীও উদ্ধার করা হয়।

অভিযানের সময় পুলিশ প্রবেশ করলে পার্টি বন্ধ হয়ে যায় এবং উপস্থিত ব্যক্তিরা বিভিন্ন কক্ষে চলে যান। বাড়িটিতে মোট পাঁচটি কক্ষ ছিল বলে জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।

ডিসি ইলিয়াস কবির জানান, এয়ারবিএনবি ও ট্রাভেলা নামের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে এসব আয়োজন করা হতো। অনলাইন নিবন্ধনের মাধ্যমে অংশগ্রহণকারীরা পার্টিতে যোগ দিতেন। প্রতিটি আয়োজনে অংশগ্রহণকারীদের কাছ থেকে জনপ্রতি প্রায় ৬০০ টাকা নেওয়া হতো। বাড়ি ভাড়া বাবদও অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থার বিষয়ে ইলিয়াস কবির জানান, পুরুষদের এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁদের আরও ১৫ দিন কারাভোগের আদেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, নারীদের ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁদের আরও তিন দিন কারাভোগের আদেশ দেওয়া হয়েছে।

এস