বুধবার (২১ অক্টোবর) প্রতিমা বিসর্জনের প্রস্তুতি নিয়ে রাজধানীর পলাশী মোড়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশন) মো. শহীদুল্লাহ।

তিনি বলেন, ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে পুলিশের ১৬ হাজারের বেশি সদস্য দায়িত্ব পালন করছেন। নগরীর ৩৩টি পয়েন্টে প্রতিমা বিসর্জন হবে। এর মধ্যে পুরান ঢাকার ওয়াইজঘাট এলাকায় সবচেয়ে বেশি প্রতিমা বিসর্জন দেওয়ার কথা রয়েছে।

মো. শহীদুল্লাহ জানান, ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শোভাযাত্রা শুরু হয়ে ওয়াইজঘাটে গিয়ে শেষ হবে। সেখানে প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য প্রতিমাগুলো ইতোমধ্যে নির্ধারিত স্থানে রাখা হয়েছে।

প্রতিমা বিসর্জন ঘিরে নিরাপত্তাব্যবস্থার বিষয়ে ডিএমপির এই কর্মকর্তা বলেন, ইউনিফর্মধারী পুলিশ সদস্যদের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি), কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি), এসআরইউ, সোয়াট ও বম্ব ডিসপোজাল ইউনিট মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং এসআরবির সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।

তিনি আরও বলেন, রাজধানীতে এবার সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থার মধ্যে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বাকি সময়েও কোনো নেতিবাচক ঘটনা ঘটবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে তা মোকাবিলায় পুলিশের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে বলেও জানান মো. শহীদুল্লাহ। এ জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রতিমা বিসর্জনের পুরো কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নগরবাসীর সহযোগিতা কামনা করেছেন ডিএমপির এই কর্মকর্তা। তিনি বলেন, সবাই যেন উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সহযোগিতা করেন।

এস