জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের বিষয়ে শুনানি পিছিয়ে আগামী ৮ মে ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৭এপ্রিল) রাজধানীর বকশীবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত সিনিয়র স্পেশাল জজ কামরুল ইসলাম মোল্লার অস্থায়ী আদালত এ দিন ধার্য করেন।

বৃহস্পতিবার খালেদা জিয়ার আত্মপক্ষ শুনানির দিন ধার্য ছিল। কিন্তু মামলাটিতে  খালেদা জিয়া বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে আদালত পরিবর্তন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন জানিয়ে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির তারিখ ৮ মে ধার্য করেন।

এর আগে গত ১৩ এপ্রিল সময় আবেদনে আত্মপক্ষ সমর্থনের শুনানি পিছিয়ে ২৭ এপ্রিল দিন পুনর্নির্ধারণ করেছিলেন আদালত।

অরফানেজ মামলায় খালেদা জিয়াসহ আসামি মোট ছয়জন। অন্য পাঁচ আসামি হলেন- বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

এমই