মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিলের রায় ঘোষণার আগে ‘অবমাননাকর’ মন্তব্যের ব্যাখ্যা দিতে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হককে রোববার ফের আদালতে হাজির হতে হবে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ গত ২০ মার্চ দুইমন্ত্রীকে ফের আদালতে হাজির হতে এই নির্দেশ দেন।
আপিল বিভাগের রোববারের কার্যতালিকায় এ বিষয়টি শুনানির জন্য এক নম্বরে রয়েছে।
গত ৫ মার্চ রাজধানীর বিলিয়া মিলনায়তনে এক আলোচনা সভায় মীর কাসেম আলীর রায় প্রকাশ নিয়ে প্রধান বিচারপতি ও বিচার বিভাগ সম্পর্কে আগাম মন্তব্য করেন খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলীর আপিল মামলা পুনঃশুনানির দাবি জানান। ওই শুনানিতে প্রধান বিচারপতি ও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে অ্যাটর্নি জেনারেলকে অংশ না নেওয়ার পরামর্শ দেন তিনি। একই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী মোজাম্মেল হকও প্রধান বিচারপতিকে নিয়ে কিছু মন্তব্য করেন।
গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশিত হলে ৮ মার্চ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পুর্ণাঙ্গ বেঞ্চ দুই মন্ত্রীকে ১৫ মার্চ আদালতে স্বশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেন।
এই আদেশের পর দুইমন্ত্রী আইনজীবীর মাধ্যমে আদালতে নিঃশর্ত ক্ষমা চেয়েও আবেদন করেন। তবে ১৫ মার্চ খাদ্যমন্ত্রী দেশের বাইরে থাকায় তার পক্ষে আদালতে হাজিরা দিতে সময় চাওয়া হয়েছিল। এর পর আপিল বিভাগ বিষয়টি শুনানির জন্য ২০ মার্চ পুনঃনির্ধারণ করেন এবং দুইমন্ত্রীকে হাজির হতে নির্দেশ দেন।
২০ মার্চ দুইমন্ত্রী আদালতে হাজির হয়ে ক্ষমা চাইলেও এতে সন্তুষ্ট হননি আপিল বিভাগ। পরে আদালত ২৭ মার্চ দুইমন্ত্রী ফের আদালতে হাজির হতে নির্দেশ দেন।
ওএফ





