রাজধানী ধানমন্ডির নজরুল ইনস্টিটিউটের পাশে এক শিল্পপতির ফ্ল্যাটে খুন হওয়া দুই নারীর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

শনিবার (০২ নভেম্বর) তিন সদস্যের বোর্ড গঠন করে এই ময়নাতদন্ত করা হয়।

বোর্ডের প্রধান ছিলেন- ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. সোহেল মাহমুদ। সঙ্গে ছিলেন- প্রভাষক প্রদীপ বিশ্বাস ও কবির সোহেল।

ময়নাতদন্ত শেষে কবির সোহেল জানান, নিহত দুজনের শরীরে ছুরিকাঘাতের একাধিক জখম ছিল।

বোর্ডের প্রধান সোহেল মাহমুদ জানান, আফরোজা বেগমের পেটে, বুকে ছুরিকাঘাত করা হয়। এর মধ্যে একটি আঘাত তাঁর কিডনি ভেদ করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়।

গৃহকর্মীর ক্ষেত্রে তিনি বলেন, তাঁকেও ছুরিকাঘাত করা হয়। তবে গলা কাটার কারণেই তার মৃত্যু হয়েছে।

গতকাল (শুক্রবার) সন্ধ্যার পর ধানমন্ডি ২৮ নম্বর সড়কের ২১ নম্বর বাসার পঞ্চম তলায় মনির উদ্দিন নামের এক শিল্পপতির ফ্ল্যাটে জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত দুই নারী হলেন- আফরোজা বেগম (৬৫) ও গৃহকর্মী দিতি (১৭)। মনির উদ্দিন তৈরি পোশাকশিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর একজন পরিচালক। আফরোজা বেগম সম্পর্কে তাঁর শাশুড়ি।

এমবি