বগুড়ার শিবগঞ্জ উপজেলা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (পুরোনো জেএমবি) উত্তরাঞ্চলীয় প্রধানসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পাকুড়তলা এলাকা থেকে এই চারজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখার সহযোগিতায় বগুড়া জেলা পুলিশের জঙ্গি দমন শাখা তাঁদের গ্রেপ্তার করে। বগুড়া জেলা পুলিশের জঙ্গি দমন শাখার এক কর্মকর্তা এই তথ্য জানান।

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত একটার দিকে শিবগঞ্জ উপজেলার পাকুরতলা বাসস্ট্যান্ডে জনৈক কনকের টেলিকম দোকানের সামনে বগুড়া-রংপুর মহাসড়কের পূর্ব পাশে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেখানে জঙ্গিরা গোপন বৈঠক করছিল। তাদের এ বিষয়ে জানতে চাইলে কয়েকজন পালিয়ে গেলেও ৪ জনকে গ্রেফতার করা হয়। তাদের শরীর তল্লাশি করে তিন রাউন্ড গুলিসহ পিস্তল,দেশীয় অস্ত্র,বিস্ফোরক,গ্রেনেড তৈরির বিপুল সরমঞ্জাদি উদ্ধার করে।

গ্রেফতাররা হলেন,পুরাতন জেএমবির রংপুর ও রাজশাহী বিভাগের দাওয়াতি বিভাগের প্রধান আতাউর রহমান ওরফে হারুন ওরফে আরাফাত (৩৪), পুরাতন জেএমবির রংপুর ও রাজশাহী বিভাগের বায়তুল বিভাগের প্রধান নওগাঁ জেলার দায়িত্বশীল কর্মকর্তা মিজানুর রহমান ওরফে নাহিদ ওরফে মোছাল (৪২), পুরাতন জেএমবির গাইবান্ধা জেলার দায়িত্বশীল জহুরুল ইসলাম ওরফে সিদ্দিক (২৭) এবং পুরাতন জেএমবির বগুড়া জেলার প্রধান মিজানুর রহমান (২৪)।

পুলিশ সুপার জানান, গ্রেফতারদের বিরুদ্ধে বিস্ফোরক ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হবে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হচ্ছে।

এমএম