রাজধানীর গুলিস্তানে ফুটপাতের হকারদের উচ্ছেদকালে অস্ত্র উঁচিয়ে গুলি ছোড়ার ঘটনায় করা মামলায় জামিনে পলাতক দুই ছাত্রলীগ নেতাকে খুঁজে পাচ্ছে না পুলিশ। তাদেরকে গ্রেফতার করতে না পারায় তাদের বিরুদ্ধে আবেদন করা সাত দিনের রিমান্ড শুনানিও অনুষ্ঠিত হচ্ছে না।

এই দুই নেতা হলেন- ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন ও ওয়ারী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান।

৪ ডিসেম্বর ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম আদালতে মামলা সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড শুনানির কথা ছিল। রিমান্ড শুনানির সময় তারা আদালতে হাজির না হওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক। এর আগে গত ১৭ নভেম্বর ঢাকা মহানগর হাকিম আদালত থেকে জামিন নেন দুই নেতা।

শাহবাগ থানার পরিদর্শক (ওসি-তদন্ত) আবু জাফর বলেন, পলাতক দুই ছাত্রলীগ নেতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের দেখামাত্রই গ্রেফতার করা হবে। তাদের গ্রেফতারের জন্য জোর চেষ্ঠা চলছে। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে আবেদন করা সাত দিনের রিমান্ড শুনানি হবে।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর গুলিস্তান পাতাল মার্কেট এলাকার ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদের সময় হকারদের সঙ্গে সিটি কর্পোরেশনের কর্মচারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়। এসময় ছাত্রলীগের বহিষ্কৃত এই দুই নেতা অস্ত্র উঁচিয়ে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেন।

এ ঘটনায় শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বাদী হয়ে একটি হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন ও ওয়ারী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমানসহ অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামি করা হয়।

এমএনজে