ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র ও যুগ্ম-কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম বলেছেন,রাজধানীতে ছিনতাইয়ের প্রবণতা বাড়ছে। ছিনতাই করতে কৌশল হিসেবে বোমা মেরে আতঙ্ক সৃষ্টি করার কাজ করছে ছিনতাইকারীরা। এজন্য ছিনতাইকারী চক্র কয়েকটি গ্রুপে ভাগ হয়ে তথ্য সংগ্রহ করে পরিকল্পিতভাবে ছিনতাই করছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বুধবার দুপুরে তিনিএসব তথ্য জানান।

মঙ্গলবার রাতে রাজধানীর রামপুরা,খিলগাঁও ও গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের চারজনকে গ্রেফতার করার পর ডিবি পুলিশ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

গ্রেফতারকৃতরা হলেন,আবুল কালাম হাওলাদার (২৮),খলিলুর রহমান (৩৫), গোলাম সারোয়ার হাওলাদার (২৭) ও মো. নয়ন (২৪)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র,বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।

‍ডিএমপির মুখপাত্র ও যুগ্ম-কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম বলেন,ছিনতাইকারী চক্রটি গত ১৯ জুন মগবাজারের দিলু রোডে বোমা মেরে জে আর কর্পোরেশনের কর্মকর্তাদের কাছ থেকে ৩০ লাখ ৬০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়।

অপরাধীদের কৌশল সম্পর্কে ‍ডিএমপির এ মুখপাত্র জানান, ছিনতাইকারী চক্রটি প্রথমে বিভিন্ন প্রতিষ্ঠান কখন ব্যাংকে টাকা জমা দেয় ও তোলে এ সংক্রান্ত তথ্য সংগ্রহ করে। এরপর অপর একটি গ্রুপ বোমা মেরে আতঙ্ক সৃষ্টি করে ছিনতাইয়ের কাজটি সম্পন্ন করে।

মগবাজারে ছিনতাইয়ের ঘটনা সম্পর্কে তিনি বলেন, মগবাজারে এই পদ্ধতিতেই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ছিনতারকারীদের সনাক্ত ও গ্রেফতার করেছে পুলিশ।

এই চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। তবে জে আর কর্পোরেশনের ছিনতাইয়ের টাকা উদ্ধার করা যায়নি বলে তিনি জানান।

তিনি বলেন, ছিনতাইকারীরা টাকা বিভিন্ন খাতে ব্যয় করে ফেলেছে। গ্রেফতার কালাম,খলিল ও সারোয়ারের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা পুলিশের কাছে বিভিন্ন সময় গ্রেফতার হয়েছে বলেও মনিরুল ইসলাম জানান।

ঢাকা, জেইউ, ৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর