‘মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের রায় কার্যকর প্রসঙ্গে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘আপিল বিভাগ থেকে প্রকাশিত রায়ের ওপরই আমাদের ব্যবস্থা নিতে হবে।’
শনিবার বেলা ১২টার দিকে সুপ্রিম কোর্ট মিলনায়তনে এক সেমিনারে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, ‘কামারুজ্জামানকে তার ভুল স্বীকার করে প্রাণভিক্ষার জন্য সাত দিন সময় দেয়া উচিৎ। এবং এটা সাংবিধানিক নিয়ম। তাকে ক্ষমা চাওয়ার জন্য সেই সময় দেয়া হয়েছে। এখন এই সাত দিন তো শেষ হয়নি।’
‘কামারুজ্জামান প্রাণভিক্ষার জন্য সাত দিন সময় পাবেন এবং সে বিষয়টি আগামীকাল রোববারের মধ্যেই শেষ হচ্ছে, তাহলে এখন কী হবে’ সাংবাদিকরা এমন প্রশ্ন করলে আনিসুল হক এসব কথা বলেন।
কারাবিধি ৯৯১ ধারায় আসামিকে অবহিতকরণের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আনিসুল হক বলেন, ‘ওই ধারাটি যদি পড়েন তাহলে দেখবেন অবহিতকরণের কথা বলা আছে।কথা হচ্ছে সে বিষয়টি তাঁকে জানানো হয়েছে।আদেশ যায়নি।’
কিসের ভিত্তিতে জানানো হয়েছে জানতে চাইলে মন্ত্রী পাল্টা প্রশ্ন করে বলেন, ‘খবরের কাগজ কি মিথ্যা?’
তিনি বলেন, ‘আদেশ যায়নি মানে কী? তাকে জানানো হয়েছে। ব্যাপারটি হলো আমি যত দূর জেনেছি “প্রিজন অফিসিয়াল হ্যাভ টোল্ড হিম দ্যাট” আপনার আপিল ডিসমিস হয়েছে। আপনার মৃত্যুদণ্ড বহাল আছে।’
কেএইচ, জেএ





