নিরাপদ খাদ্য আইন বাস্তবায়নে নিরাপদ খাদ্য বিধিমালা চূড়ান্ত করে দুই মাসের মধ্যে গেজেট আকারে জারি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আদেশ পাওয়ার দুই মাসের মধ্যে ওই গেজেট করতে আইন সচিবের প্রতি নির্দেশ দেয়া হয়েছে।

রোববার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার সমন্বয় গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রেক্ষিতে এ আদেশ দেন।

নিরাপদ খাদ্য আইন কার্যকরে নির্দেশনা চেয়ে লিগ্যাল অ্যাকশন বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষে গত মে মাসে একটি রিট করা হয়। প্রাথমিক শুনানি নিয়ে ২৬ মে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল জারির পাশাপাশি অন্তর্বর্তী আদেশ দেন।
অন্তর্বর্তীকালীন আদেশে গেজেট প্রকাশের মাধ্যমে নিরাপদ খাদ্য আইন কার্যকরে কী পদক্ষেপ নেয়া হয়েছে, তা খাদ্য সচিবকে জানাতে নির্দেশ দেন আদালত।

আজ নির্দেশনা অনুসারে নেয়া পদক্ষেপ আদালতে দাখিল করেন রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মহিদুল কবীর।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের জানান, নিরাপদ খাদ্য আইন কার্যকরে বিধিমালা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এটা আইন মন্ত্রণালয়ে চূড়ান্তকরণের জন্য রয়েছে বলে খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

ঢাকা, কেএ, ২০ জুলাই (টাইমনিউজবিডি.কম) জেএ