গাড়ি চোরাচালান চক্রের সাথে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটির(বিআরটিএ) কর্মকর্তারই জড়িত রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) উপ-কমিশনার শেখ নাজমুল আলম।

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাড়ি চোরাচালান চক্রের চার সদস্যকে গ্রেফতারের ব্যাপারে মঙ্গলবার দুপুর সাড়ে তিনটার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

গ্রেফতারকৃতরা হলেন, মো. শহিদুল ইসলাম, মো. বোরহান রব্বানী, নির্মল সরকার এবং নাজমুল হুদা।

শেখ নাজমুল আলম বলেন, গাড়ি চোরাচালান চক্রের সাথে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটির (বিআরটিএ) কিছু অসাধু কর্মকর্তা জজিত রয়েছে। তাদের যোগসাজসেই অবৈধ কাগজ পত্রের মাধ্যমে চোরাচালান চক্র গুলো সক্রিয় রয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গাড়ি চোরাচালান চক্রের সাথে যারা জড়িত তারা মূলত মাদক ব্যবসার কাজে সহায়ক হিসেবেই গাড়ি গুলো ব্যবহার করে থকে।

শেখ নাজমুল আলম আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের(পূর্ব) উপ-কমিশনার মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বরের নেতৃত্বে সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছথেকে ৬টি প্রাইভেট কার এবং ১টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

এমআর/এসএইচ