শনিবার (২৩ মে) বিআরটিএর সদর কার্যালয় থেকে জারি করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে নির্ধারিত কর্মঘণ্টা মেনে গণপরিবহণ চালানোর নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যমান মোটরযান আইন ও বিধি অনুযায়ী কোনো চালক একটানা পাঁচ ঘণ্টার বেশি যানবাহন চালাতে পারবেন না। এরপর অন্তত আধা ঘণ্টা বিশ্রাম নিয়ে আরও সর্বোচ্চ তিন ঘণ্টা গাড়ি চালানো যাবে। অর্থাৎ একজন চালক দিনে সর্বোচ্চ আট ঘণ্টা এবং সপ্তাহে ৪৮ ঘণ্টার বেশি দায়িত্ব পালন করতে পারবেন না।

বিআরটিএ জানিয়েছে, নির্ধারিত কর্মঘণ্টার ব্যত্যয় ঘটিয়ে গণপরিবহণ চালালে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। তাই সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট মোটরযান মালিক ও চালকদের নির্ধারিত সময় মেনে দায়িত্ব পালনের অনুরোধ জানানো হয়েছে।

নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট চালকের ড্রাইভিং লাইসেন্স এবং যানবাহনের রেজিস্ট্রেশন বাতিল করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।

এছাড়া যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজন হলে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

এস