পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় তাদের মেয়ে ঐশী রহমানসহ ৩ জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ৩১ আগস্ট ও ২ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হক এ দিন ধার্য করেন। কারাগার থেকে তাদের মেয়ে ঐশী রহমানসহ মামলার অপর ২ আসামি আসাদুজ্জামান জনি ও মিজানুর রহমান রনিকে আদালতে হাজির করা হয়।

এদিন সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু আদালতে কোনো সাক্ষী উপস্থিত না হওয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহ আলম তালুকদার পরবর্তী সাক্ষী আনার জন্য সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন।

২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর মালিবাগের চামেলীবাগে নিজেদের বাসা থেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (পলিটিক্যাল শাখা) ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মা-বাবা খুন হওয়ার পর রহস্যজনকভাবে পালিয়ে যায় ঐশী।

এ ঘটনায় ১৭ আগস্ট নিহত মাহফুজুর রহমানের ছোটভাই মো. মশিহুর রহমান রুবেল পল্টন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

১৭ আগস্ট তাদের মেয়ে ঐশী রহমান রমনা থানায় আত্মসমর্পণ করেন। একই বছরের ২৪ আগস্ট আদালতে খুনের দায় স্বীকার করে জবানবন্দি দেন ঐশী।

২০১৪ সালের ৯ মার্চ ঐশীকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক আবুল খায়ের। ২০১৪ সালের ৬ মে তাদের ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হক।

ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ