রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশ অবৈধ বলে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে রবিবার এ রায় দেয়। ফলে মেয়র পদ ফিরে পেতে বুলবুলের আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।
আদালতে বুলবুলের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ। সঙ্গে ছিলেন আইনজীবী আমিনুল হক হেলাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
পরে আমিনুল হক হেলাল বলেন, মেয়র বুলবুলকে বরখাস্ত করে সরকারের দেওয়া আদেশ ২০১৬ সালের ১০ মার্চ অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেছিল। ওই আবেদন আজ খারিজ করে দিয়েছে আদালত। ফলে মোসাদ্দেক হোসেন বুলবুলের মেয়র পদ ফিরে পেতে আইনগত আর কোনো বাধা নেই।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সরকারবিরোধী আন্দোলনের সময়ে নাশকতার চার মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্রে নগর বিএনপির সভাপতি বুলবুলের নাম এলে ২০১৫ সালের ৭ মে তাকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
এর বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট আবেদন করলে হাইকোর্ট মন্ত্রণালয়ের আদেশ অবৈধ ঘোষণা করে রায় দেয়।
এসব মামলায় গত বছর মার্চ থেকে তিন মাস কারাগারেও ছিলেন বিএনপি নেতা বুলবুল। হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর গত বছর জুনে তাকে মুক্তি দেওয়া হয়।
এমই





