রাজধানীর বনানী এলাকার একটি বাসা থেকে যুক্তরাজ্য প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মেজবাহ উদ্দিন আহমেদ (৭২)।
শুক্রবার দুপুর সাড়ে ১২টায় বনানীর ২৫ নম্বর রোডের একটি বাসা থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। গত ১০ নভেম্বর দেশে আসেন মেজবাহ। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলায় বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মেজবাহ উদ্দিন প্রধানমন্ত্রীর দূর সম্পর্কের আত্মীয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
এব্যাপারে বনানী থানার ওসি ভূইয়া মাহাবুব হোসেন জানান, আত্মীয়-স্বজনরা গত রাত থেকে তাকে মোবাইলফোনে কল দিয়ে পাচ্ছিলেন না। শুক্রবার সকালে আত্মীয়রা এসে দরজা ভেঙে দেখে তার লাশ দেখতে পায়।
মেজবাহ উদ্দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার খালাত ভাই শেখ শহীদুল ইসলামের চাচা শ্বশুর। বনানীর ওই বাসায় তিনি একাই থাকতেন।
ওসি জানান, ঘরে রক্তের ছোপ ছোপ দাগ লক্ষ্য করা গেছে। মেজবাহ হত্যার শিকার হয়েছেন কিনা তা এখনো নিশ্চিত নয়।
জেইউ/কেএইচ/এসএইচ





