তৃতীয় দফা ইউপি নির্বাচনে ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. মতিয়ার রহমানের বড় ভাই মো. আতিয়ার রহমান খানকে হত্যার ঘটনায় বিএনপির প্রার্থী আব্দুর রহিম ফকিরসহ আটজনকে আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে প্রতিপক্ষের হামলায় নিহত হন মো. আতিয়ার রহমান খান(৫৫)।
এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বিএনপি প্রার্থী আব্দুর রহিম ফকিরসহ আটজনকে আটক করেছে।
আওয়ামী লীগের প্রার্থী মো. মতিয়ার রহমান খান জানান, আমার বড় ভাই আতিয়ার রহমান বাগাট বাজারে আমার নির্বাচনী ক্যাম্পে বসে কয়েকজন কর্মী-সমর্থককে নিয়ে কথা বলছিলেন। রাত সাড়ে ১১টার দিকে বিএনপি প্রার্থী আব্দুর রহিম ফকিরের নেতৃত্বে ২০/২৫ জন লাঠিসোটা ও রামদাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার বড় ভাইসহ অন্যদের ওপর হামলা করেন। হামলায় আমার ভাই ও চাচা রাজ্জাকসহ ৫/৬ জন আহত হন। এ সময় ৮/১০টি দোকান ভাঙচুর করা হয়।
স্থানীয়রা আহতদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আমার বড় ভাই আতিয়ারকে মৃত ঘোষণা করেন। এ মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে ওই রাতেই বিক্ষুব্ধ জনতা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মধুখালী থানার ওসি রুহুল আমিন বাংলানিউজকে জানান, জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ বিএনপির চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিম ফকিরসহ আটজনকে আটক করেছে। ঘটনাটি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।
তফসিল অনুযায়ী আগামী ৭ মে চতুর্থ ধাপে বাগাট ইউপি নির্বাচনের দিন ধার্য রয়েছে।
এইচ ই





