কুষ্টিয়া জেলার মেহেরপুর পৌর সভার সাবেক মেয়র সাইদুল হক খান চৌধুরীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতি মামলার চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের নিয়মিত সভায় গত বৃহস্পতিবার সাবেক মেয়র সাইদুল হক খান চৌধুরীর বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনে আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দেয়া হয়।
কুষ্টিয়া জেলা আদালতে এ চার্জশিট দাখিল করবেন মামলার তদন্তকারি কর্মকর্তা ও দুদকের উপ সহকারি পরিচালক মো. শহিদুল ইসলাম মোড়ল।
জানা যায়, ২০১২ সালের ১ জানুয়ারি কুষ্টিয়া জেলার মেহেরপুরের সাবেক পৌর মেয়র সাইদুল হক খান চৌধুরীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতি অভিযোগে মিরপুর থানায় মামলা( নং-২৪) দায়ের করে দুদক।
এছাড়া ওইদিন দুদকের সভায় রাজধানীর বাড্ডা এলাকায় র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের সাবেক ইনচার্জ সরদার মো. জহিরুল হক মান্নার বিরুদ্ধে দুর্নীতি এবং অর্থ আত্মসাতের মামলায় চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক।
জানা যায়, সরদার মো. জহিরুল হক মান্নার বিরুদ্ধে গত ২০০৬ সালের ২৮ সেপ্টেম্বর বাড্ডা থানায় একটি মামলা (নং-২৪) দায়ের করে দুদক। পরে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে স্পেশিয়াল মামলা ৩৩/২০১২ দায়ের করে দুদক।
দীর্ঘ তদন্ত শেষে দুদক দণ্ডবিধি ৪০৮,দুদক আইন ২০০৪ এর ৩২ এবং দুদক আইন সংশোধিত ২০০৭ এর ১৫(১) ধারায় আদালতে চার্জশিট দায়েরের অনুমোদন দেয়া হয়। আর এ চার্জশিট দায়ের করবেন দুদকের উপ সহকারি পরিচালক মানসী বিশ্বাস।
ঢাকা,একে, ২২ জুন (টাইমনিউজবিডি.কম)এসআর





