দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় জাতীয় পার্টির (জাপা) বগুড়া-২ আসনের সংসদ সদস্য (এমপি) মো: শরিফুল ইসলাম জিন্নাহকে তিন সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (০৮ ফেব্রুয়ারি) বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
আদেশের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন দুদকের আইনজীবী মো: খুরশিদ আলম খান।
আদালতে এদিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম ও মুন্সী মনিরুজ্জামান।
দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল মাহজাবিন রাব্বানী দীপা ও আন্না খানম কলি।
এর আগে গত মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ কমিশনের উপ-পরিচালক মো: জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলাটি করেন।
এমপি শরিফুল ইসলাম জিন্নাহ ১ কোটি ৫৯ লাখ ৭৮ হাজার ১১৩ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৮৯ লাখ ২৭ হাজার ৫৫৮ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন বলে মামলার অভিযোগ থেকে জানা গেছে।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বগুড়ার এই সংসদ সদস্যকে ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর সম্পদ বিবরণী জমা দিতে নোটিশ পাঠায় দুদক। যার পরিপ্রেক্ষিতে তিনি সম্পদ বিবরণী দিলে তা যাচাইয়ে নামে দুদক।
দীর্ঘ তদন্ত ও সম্পদ বিবরণী যাচাই-বাছাই করে দুদকের অনুসন্ধানে সম্পদের তথ্য গোপনের বিষয়টি উঠে আসে। যার পরিপ্রেক্ষিতে এমপি শরিফুলের বিরুদ্ধে মামলাটি করা হয়।
এমবি





