লঞ্চে অতিরিক্ত যাত্রী বোঝাই না করার জরুরি নির্দেশনা চেয়ে কয়েকটি জাতীয় দৈনিকের সংবাদ পত্রের কপি নিয়ে হাইকোর্টে মৌখিক আবেদন করেছে এক আইনজীবী।

মঙ্গলবার অবকাশকালীন বেঞ্চের বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর আদালত স্বপ্রণোদিত হয়ে এ বিষয়ে কোনো আদেশ দেননি।

আইনজীবী জানান, ঈদে দক্ষিণাঞ্চলের হাজার হাজার মানুষ বাড়ি গেছেন। এখন তারা ঢাকা ফিরছেন। এক্ষেত্রে তারা অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে করে ঢাকা ফিরবেন। এর ফলে পিনাক-৬ লঞ্চের মতো বাকিরা দুর্ঘটনায় পড়তে পারেন। তাই অতিরিক্ত যাত্রী বোঝাই না করার নির্দেশনা চেয়ে একটি স্বপ্রণোদিত আদেশ আশা করেছিলাম। কিন্তু আদালত কোনো আদেশ না দিয়ে নিয়মিত বেঞ্চে যেতে বলেছেন।

উল্লেখ্য, সোমবার বেলা ১১টায় মাওয়া ঘাটের একশ’ গজ দূরে পদ্মায় প্রায় আড়াইশ যাত্রী নিয়ে তলিয়ে যায় পিনাক-৬ লঞ্চটি। সাঁতরে তীরে উঠতে সক্ষম হন ৪০-৪৫ জন যাত্রী। বাকিদের খোঁজ এখনও মেলেনি।

ঢাকা, কেএ, ৫ আগষ্ট, টাইমনিউজবিডি.কম