ডেবিট কার্ড জালিয়াতির মাধ্যমে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের রাজধানীর মোহাম্মদপুর শাখার ৫ জন গ্রাহকের হিসাব থেকে ১৬ লাখ ৭ হাজার টাকা আত্মসাৎ মামলার রেকর্ড পত্র জব্ধের অভিযানে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুদকের তদন্তকারী কর্মকর্তা সহকারী পরিচালক মশিউর রহমানের নেতৃত্বে ওই ব্যাংকে সংরক্ষিত রেকর্ডপত্র জব্ধের অভিযান পরিচালিত হবে বলে জানা যায়।
গত ২২ অক্টোবর বেলা ১১ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত দুদক কার্যালয়ে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের আইসিসিডি শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) এস এম অলিউল হাসান, একই শাখার সিনিয়র অফিসার (এসও) এস তানজীম হামিদ, ব্যাংকের প্রিন্সিপ্যাল শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) এ এইচ এম মঞ্জুর কাদের খাঁন, মোহাম্মদপুর শাখার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এফএভিপি) জোয়ারদার ইলিয়াস রহমান, একই শাখার এসও শামীম আরা তানিয়া ও প্রধান কার্যালয়ের এক্সিকিউটিভ অফিসার (ইও) গৌরাঙ্গ চন্দ্র সরকারকে জিজ্ঞাসাবাদ করা হয়।
জানা যায়, গত বছরের ২ ডিসেম্বর দুদকের পক্ষ থেকে রাজধানীর মোহাম্মদপুর (ডিএমপি) থানায় মামলা (নং-৪) দায়ের করা হয়। আর ওই মামলার প্রধান আসামি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামের মো. সুমন খান।
মামলার অভিযোগে বলা হয়, প্রধান আসামি সুমন খান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের মোহাম্মদপুর শাখার ৫ জন গ্রাহক চান কুমার, মো. শেখ ইদ্রিস, ফারুক হোসেন, ইসমাইল হোসেন ও পারুল ঘোষের হিসাব হিসাব থেকে ডেবিট কার্ড জালিয়াতির মাধ্যমে ১৬ লাখ ৭ হাজার টাকা আত্মসাৎ করেন।
একে, জেএ





