ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার। এ ছাড়া সৌদি নাগরিক ইউসিফ আবদুল্লাহ আল-রাজী ও প্রফেসর এনআরএম বোরহান উদ্দিন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ।
সম্প্রতি ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরস-এর সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সভায় ইঞ্জিনিয়ার মো. ইসকান্দার আলী খানকে চেয়ারম্যান করে এক্সিকিউটিভ কমিটি, প্রফেসর ড. এনআরএম বোরহান উদ্দিনকে চেয়ারম্যান করে অডিট কমিটি এবং মো. আবদুস সালাম, এফসিএ, এফসিএস-কে প্রধান করে রিস্ক ম্যানেজমেন্ট কমিটি পুনর্গঠন করা হয়।
সভায় দেশী-বিদেশী ডাইরেক্টরবৃন্দ ও ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান উপস্থিত ছিলেন।
ইসলামী ব্যাংকের অন্যতম স্পন্সর ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার তৈরী পোশাক শিল্প ‘বার্ডস গ্র“পে’র চেয়ারম্যান ও ম্যানেজিং ডাইরেক্টর।
তিনি বিজিএমইএ’র বিভিন্ন কমিটির চেয়ারম্যান ও উপদেষ্টা হিসেবে বাংলাদেশে পোশাক শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
মুস্তাফা আনোয়ার ১৯৬৪ সালে বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ গ্রাজুয়েশন সম্পন্ন করে বাংলাদেশ পানি উন্ন্য়ন বোর্ডের প্রকৌশলী হিসেবে ক্যারিয়ার শুরু করেন।
তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এ ছাড়া মুস্তাফা আনোয়ার বিভিন্ন শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত।
এমকে





