প্রথমবারের মতো বড় পরিসরে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে একক বাংলাদেশি রেমিট্যান্স ও বিনিয়োগ মেলা। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান আগামী ২১ সেপ্টেম্বর কুয়ালালামপুরের মারদেকা স্কয়ার মিলনায়তনে দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করবেন। অর্থমন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
২১ ও ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য মেলায় স্টল থাকছে ৫০টি। এতে বাংলাদেশি পণ্য প্রদর্শনী ছাড়াও হুন্ডির পরিবর্তে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর বিষয়ে প্রবাসীদের মধ্যে সচেতনতা বাড়াতে ব্যাংকগুলোর অংশগ্রহণের সুযোগ থাকছে।
মেলায় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সূর চৌধুরী, প্রবাসীকল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সি এম কয়েস সামী ছাড়াও বিভিন্ন ব্যাংক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশগ্রহণ করবেন।
ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমআর





