[b]ঢাকা:[/b] ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রসারের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশের ৫শ‘ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে শিল্প উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এক বছর মেয়াদি একটি প্রকল্প নেয়া হয়েছে। ২০১৪ সালের মধ্যে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) যৌথভাবে এ প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্প বাস্তবায়ন শেষে দেশের ৫শ‘ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আলোকিত উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করবে।
আজ শুক্রবার রাজধানীর আইডিইবি ভবনে আয়োজিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর দু‘দিন ব্যাপী প্রতিনিধি সম্মেলন-২০১৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ এর সভাপতি এ.কে.এম.এ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এতে ডিপ্লোমা প্রকৌশলীদের পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে ধরেন সংগঠনের কেন্দ্রিয় নির্বাহি কমিটির সাধারণ সম্পাদক মো: শামসুর রহমান।
সম্মেলনে আইডিইবি‘র পক্ষ থেকে জানানো হয়, দেশের প্রায় চার লাখ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানী, সুপেয় পানি, যোগাযোগ, শিল্প উৎপাদন, তথ্য প্রযুক্তি সেবা, পরিকল্পিত নগরায়নসহ বিভিন্নখাতে সেবা দিয়ে ডিগ্রি প্রকৌশলীদের পাশাপাশি জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কিন্তু বিভিন্ন সরকারি সংস্থায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অযৌক্তিকভাবে সুপারভাইজার হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।
এর ফলে এ পেশায় কর্মরত জনবলের মর্যাদাহানি হয়েছে বলে তারা উল্লেখ করেন। তারা প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রকৌশলী হিসেবে স্বীকৃতি প্রদান, ডিগ্রি ইঞ্জিনিয়ারদের মত তাদের একটি বিশেষ ইনক্রিমেন্ট প্রদান, পদোন্নতির ক্ষেত্রে শতকরা ৫০ ভাগ কোটা সংরক্ষণ, ১৫ বছরের মধ্যে পদোন্নতি না হলে ৩য় টাইম স্কেল/সিনিয়র স্কেলসহ অন্যান্য সুবিধা প্রদানের দাবি জানান।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আসন্ন উপজেলা নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণের সিদ্ধান্তের দিকে ইঙ্গিত করে প্রশ্ন রাখেন, এখন নির্বাচনে অংশ নিতে পারলে দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জনের নামে তারা তখন কেন দেশের এত নিরীহ মানুষ হত্যা করেছেন? এর জন্য তারদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে।
তিনি বলেন, বিরোধী দলের নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্তে প্রমাণিত হল, দেশে গণতন্ত্রের জয় হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব মেনেই সবাইকে নির্বাচনের আসতে হবে বলে তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেন।
আমির হোসেন আমু বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ঐতিহাসিকভাবে দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে তারা পাকিস্তান বিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধে অংশ নিয়ে ছিলেন।
মুক্তিযুদ্ধের চেতনার লালন করায় প্রশাসনে ঘাপটি মেরে মুক্তিযুদ্ধ বিরোধী চক্র এত দিন তাদের ন্যায়সঙ্গত দাবি-দাওয়া ঝুলিয়ে রেখেছিল। বর্তমান সরকার তাদের পদবী সম্পর্কিত সমস্যা ও ন্যায্য দাবি গুলো দ্রুততার সাথে নিস্পত্তি করবে বলে তিনি আশ্বাস দেন।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]