পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ হাসেম আর নেই। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
করোনা আক্রান্ত হয়ে বুধবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত (২৪ ডিসেম্বর) ১টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
এভারকেয়ার হাসপাতালের হেড অব মেডিক্যাল সার্ভিসেস ডা. আরিফ মাহমুদ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
এর পরপরই এম এ হাসেমের পুত্র শওকত আজিজ রাসেল সামাজিক যোগাযোগ মাধ্যমে পিতার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
তিনি তার স্ট্যাটাসে লিখেন, আজ ২৪ ডিসেম্বর রাত ১টা ২০ মিনিটে আমার বাবা ৭৮ বছর বয়সে এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি তার বাবার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
এর আগে গতকাল (২৩ ডিসেম্বর) শিল্পপতি এম এ হাসেম মৃত্যুর বিষয়টি দেশের বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এম এ হাসেম করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। হাসপাতালে ভর্তির সময় তার ছেলে আজিজ আল কায়সার জানিয়েছিলেন, করোনা পজিটিভ হওয়ার পর তার বাবাকে ১১ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ১৬ ডিসেম্বর অক্সিজেন স্যাচুরেশন ১০০-এর নিচে নেমে গেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
শিল্পপতি এম এ হাসেম ২০০১ সালে বিএনপির মনোনয়নে নোয়াখালী-২ (বেগমগঞ্জ) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
পারটেক্স গ্রুপ বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান। এই গ্রুপের অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- ড্যানিশ ফুড লিমিটেড, পারটেক্স টিস্যু লিমিটেড, পারটেক্স কোলা, স্টার পার্টিক্যাল বোর্ড মিলস লিমিটেড, পারটেক্স ফার্নিচার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পারটেক্স পিভিসি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পারটেক্স এডহেসিভ লিমিটেড, পারটেক্স কেবলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, স্টার জিপসাম বোর্ড মিলস লিমিটেড, পারটেক্স বোর্ডস অ্যান্ড ডোরস, পারটেক্স ফার্নিচার, পারটেক্স বেভারেজ, পারটেক্স প্লাস্টিকস, পারটেক্স লেমিনেটস লিমিটেড, অ্যাম্বার পাল্প অ্যান্ড পেপার, অ্যাম্বার কটন, করভি মেরিটাইম কম্পানি লিমিটেড প্রভৃতি।
এমবি





