চলতি বছর বিশ্বব্যাপী প্রতিরক্ষা খাতে ব্যয় দশমিক ৬ শতাংশ বেড়ে হবে ১ দশমিক ৫৪৭ ট্রিলিয়ন ডলার। গত বছর তা ছিল ১ দশমিক ৫৩৮ ট্রিলিয়ন ডলার। মূলত ২০০৯ সালের পর প্রথমবারের মতো রাশিয়া, মধ্যপ্রাচ্য ও এশিয়ার কয়েকটি দেশ প্রতিরক্ষা ব্যয় বাড়াচ্ছে। আর এর ওপর ভর করেই বিশ্বের মোট প্রতিরক্ষা ব্যয় বেড়ে যাচ্ছে। আইএইচএস জেইনসের সাম্প্রতিক এক জরিপ প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
আইএইচএসের প্রতিবেদনে জানানো হয়, দ্রুত বর্ধনশীল সামরিক সরঞ্জাম বাজারের পাঁচটি দেশের মধ্যে চারটিই ছিল মধ্যপ্রাচ্যের। এছাড়া ২০১৫ সালের মধ্যে রাশিয়া ও চীনের সম্মিলিত প্রতিরক্ষা বাজেট ইইউর দেশগুলোর বাজেটকে ছাড়িয়ে যাবে।
আইএইচএস জেনিসয়ের অ্যারোস্পেস, ডিফেন্স ও সিকিউরিটিবিষয়ক পরিচালক পল বার্টন জানান, চলতি বছর বিশ্বের প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির পেছনে মূল ভূমিকা রাখবে রাশিয়া, মধ্যপ্রাচ্য ও এশিয়ার দেশগুলো, যা ২০১৬ সাল থেকে আরো বাড়বে।
প্রতিরক্ষা ব্যয়ের দিক দিয়ে বর্তমানে বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। দেশটি আগামী তিন বছরের মধ্যে এ ব্যয় ৪৪ শতাংশ বৃদ্ধি করবে বলে জানায় আইএইচএস।
অন্যদিকে বরাবরের মতোই যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বেশি ব্যয় করা দেশ হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে। ধারণা করা হচ্ছে, গত বছর তাদের এ খাতে ব্যয় ছিল ৫৮ হাজার ২৪০ কোটি ডলার। এর পরই ছিল চীন (১৩ হাজার ৯২০ কোটি ডলার) ও রাশিয়া (৬ হাজার ৮৯০ কোটি ডলার)।
তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মতো দ্রুত হারে প্রতিরক্ষা ব্যয় বাড়ায়নি কোনো দেশই। গত দুই বছরে সৌদি আরব ও ওমান তাদের প্রতিরক্ষা ব্যয় ৩০ শতাংশ বাড়িয়েছে। পাশাপাশি আগামী ১০ বছরের মধ্যে সৌদি আরব তাদের প্রতিরক্ষা ব্যয় তিন গুণ বৃদ্ধি করবে বলেও জানায় আইএইচএস জেইনস। সংস্থাটির জ্যেষ্ঠ বিশ্লেষক ফেনিলা ম্যাকগার্টি জানান, ২০১১ সাল থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোয় দ্রুত হারে প্রতিরক্ষা ব্যয় বাড়ছে।
এরই মধ্যে প্রতিরক্ষা খাতে বিশ্বের দ্বিতীয় শীর্ষ খরুচে দেশে পরিণত হয়েছে চীন। ২০১৫ সালের মধ্যে দেশটি যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির সম্মিলিত ব্যয়কেও ছাপিয়ে যাবে বলে ধারণা করছে আইএইচএস।
সংস্থাটির জ্যেষ্ঠ বিশ্লেষক গে ইস্টম্যান জানান, ইরাক ও আফগানিস্তান যুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যয় উল্লেখযোগ্য হারে কমতে থাকে। যার ধারাবাহিকতায় কমতে থাকে বিশ্বের সামগ্রিক প্রতিরক্ষা ব্যয়। পাশাপাশি পশ্চিম ইউরোপের দেশগুলোয় কমতে থাকে এ খাতের ব্যয়, যা সামনের দিনগুলোয় আরো কমবে বলে ধারণা করছেন এ বিশ্লেষক। সূত্র:ব্লুমবার্গ।
[b]ঢাকা, ৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসএমআর[/b]
অর্থনীতি
বিশ্বে প্রথমবারের মতো প্রতিরক্ষা ব্যয় বাড়ছে
চলতি বছর বিশ্বব্যাপী প্রতিরক্ষা খাতে ব্যয় দশমিক ৬ শতাংশ বেড়ে হবে ১ দশমিক ৫৪৭ ট্রিলিয়ন ডলার। গত বছর তা ছিল ১ দশমিক ৫৩৮ ট্রিলিয়ন ডলার। মূলত ২০০৯ সালের পর প্রথমবারের মতো রাশিয়া, মধ্যপ্রাচ্য ও এশিয়ার কয়েকটি দেশ প্রতিরক্ষা ব্যয় বাড়াচ্ছে। আর এর ওপর ভর করেই বিশ্বের মোট প্রতিরক্ষা ব্যয় বেড়ে যাচ্ছে।





