চলতি অর্থবছরের ২০১৩-১৪ দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। জানুয়ারি-জুন মেয়াদের জন্য আনুষ্ঠানিকভাবে মুদ্রানীতি ঘোষণা করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
সোমবার বিকেল তিনটায় কেন্দ্রীয় ব্যাংকের সম্মেলন কক্ষে এ মুদ্রানীতি ঘোষণা করা হবে। কেন্দ্রীয় ব্যাংক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জানা যায়,বাংলাদেশ ব্যাংক প্রতি ছয় মাস অন্তর আগাম মুদ্রানীতি ঘোষণা করে। মুদ্রানীতি ঘোষণাপত্রে আগামী দিনে আর্থিক খাত পরিচালনায় কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত অবস্থান স্পষ্ট করা হয়। পরবর্তী ছয় মাসে অভ্যন্তরীণ ঋণ,মুদ্রা সরবরাহ, অভ্যন্তরীণ সম্পদ,বৈদেশিক সম্পদ কতটুকু বাড়বে তার একটা ধারণা মুদ্রানীতি ঘোষণায় স্থান পায়। মুদ্রানীতিকে সামনে রেখে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে অর্থনীতিবিদ,সাবেক গভর্নর,ব্যাংকারসহ বিভিন্ন পক্ষের মতামত নেয়া হয়েছে।
এদিকে,এবারের মুদ্রানীতি 'ভারসাম্যপূর্ণ'হচ্ছে বলে জানা গেছে। রাজনৈতিক অস্থিরতার প্রভাবে বিনিয়োগ চাহিদা কম থাকায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ধরা হচ্ছে আগের মুদ্রানীতির মতোই। তবে বাজেটে নির্ধারিত জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।
গত জুলাই মাসে ঘোষিত মুদ্রানীতিতে ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতে বার্ষিক ঋণ বাড়ানোর প্রোগাম ছিল ১৫ দশমিক ৫ শতাংশ। নভেম্বর পর্যন্ত সাময়িক হিসাবে বাস্তবে এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ১৩ শতাংশ।
[b]ঢাকা, ২৭ জানুয়ারি( টাইমনিউজবিডি)// জেআই[/b]