চীন থেকে উপহারের আরও ১০ লাখ সিনোফার্মের টিকা দেশে এসে পৌঁছেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে এইসব টিকা ঢাকায় এসে পৌঁছায়।
বিমানের চার্টার্ড ফ্লাইট বিজি-৫০৬৫ চীনের তিয়ানজিন বিনহাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোভিড টিকা ও সিরিঞ্জ নিয়ে ক্রবার বাংলাদেশ সময় শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৬টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামীকাল (শনিবার) সকাল ১০টায় বিমানের আরেকটি ফ্লাইট চীনের তিয়ানজিন বিনহাই আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে। চীন থেকে কোভিড টিকা নিয়ে ফিরতি ফ্লাইটটি বাংলাদেশ সময় শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
ইতোমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সাশ্রয়ী খরচে সিনোফার্মের মোট ৭০ লাখ ডোজ কোভিড টিকা ৭টি ফ্লাইটের মাধ্যমে চীন থেকে ও প্রবাসী বাংলাদেশিদের উপহার হিসেবে পাঠানো ২৫০টি ভেন্টিলেটর বিনামূল্যে দিল্লি থেকে দেশে পরিবহণ করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে ঢাকায় চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান সামাজিক যোগাযোগমাধ্যম
ফেসবুক পোস্টে লিখেছেন, “আমাদের বাংলাদেশি ভাই-বোনদের জন্য চীনের উপহার হিসেবে সিনোফার্মের এক মিলিয়ন (১০ লাখ) ডোজ টিকা তিয়ানজিন আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজে তোলা হয়েছে।”
তিনি আরও লিখেন, “আশা করা হচ্ছে, আজ সন্ধ্যায় এসব টিকা ঢাকায় এসে পৌঁছাবে।”
এর আগে গত ১২ মে বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ টিকা উপহার দেয় চীন। এরপর ১৩ জুন দ্বিতীয় দফায় উপহারের ৬ লাখ টিকা দেশে পৌঁছায়। আর আজ তৃতীয় দফায় উপহার হিসেবে আসছে সিনোফার্মের ১০ লাখ টিকা। এছাড়া টিকার বৈশ্বিক উদ্যোগ ‘কোভ্যাক্স’-এর আওতায় চীন দুই দিনে ৩৪ লাখ ৭০ হাজার সিনোফার্মের টিকা বাংলাদেশকে দিয়েছে।
এমবি





