৩ বছরে স্কুল ব্যাংকিংয়ে সঞ্চয় তিনশ কোটি ছাড়িয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
তিনি জানান, ২০১০ সালের নভেম্বরে শুরুর পর থেকে এ পর্যন্ত স্কুলব্যাংকিং হিসাব খোলা হয়েছে ২ লাখ ৮৬ হাজার। এসব হিসাবে শিক্ষার্থীরা সঞ্চয় করেছে ৩০৪ কোটি টাকা।
শনিবার খুলনায় স্কুল ব্যাংকিং কনফারেন্স, খুলনা ২০১৪ এর উদ্বোধনকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান এ তথ্য জানান।
গভর্নর বলেন, একটি নতুন ব্যাংক খুলতে মূলধন দরকার ৪০০ কোটি টাকা। আর ৯৬ কোটি টাকা হলে তারাই একটি ব্যাংক খুলতে পারবে। এ সঞ্চয় থেকে আপাতত তারা একটি নতুন ব্যাংক খুলতে না পারলেও পরিবার ও সমাজের কল্যাণ হয় এমন খাতে তারা খরচ করতে পারবে। আর এটাই ছিল আমাদের স্কুল ব্যাংকিংয়ের মূল লক্ষ্য।
ড. আতিউর বলেন, আজ ৬-১৮ বছর বয়সী যে কোনো স্কুল শিক্ষার্থী মাত্র ১০০ টাকায় ব্যাংক হিসাব খুলতে পারছে। এসব হিসাবে কেবলমাত্র সরকারি ফি ছাড়া অন্য কোনো সার্ভিস চার্জ বা ফি আরোপ করা হয় না। এসব হিসাবের মাধ্যমে ব্যাংকগুলো ছাত্র-ছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানের মাসিক বেতন ও অন্যান্য ফি সংগ্রহ করতে পারবে। বৃত্তি, উপবৃত্তির টাকাও এসব হিসাবে জমা করা যাবে। অ্যাকাউন্টধারী শিক্ষার্থীরা ব্যাংকের বিভিন্ন সেবা সম্পর্কে জানতে পারছে। এটিএম, ডেবিট-ক্রেডিট কার্ড, অনলাইন ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিংয়ের মতো তথ্যপ্রযুক্তি সম্পন্ন সেবার সাথে স্কুলশিক্ষার্থীরা পরিচিত হতে পারছে।
ড. আতিউর রহমান বলেন, আমরা যখন স্কুলে পড়তাম তখন জনতা ব্যাংক শুধুই বড়দের সেবা দিত। তাই খুব ইচ্ছে থাকা সত্ত্বেও কোনো ব্যাংক শাখায় ঢোকার সাহসও তখন পাইনি। আজ তোমরা খুবই ভাগ্যবান! বাংলাদেশ ব্যাংক ও সমগ্র ব্যাংকিং খাত তোমাদের কাছে এসেছে। আমরা হাত বাড়িয়েছি, এখন তোমরা হাত বাড়াও।
গভর্নর ড. আতিউর রহমান বলেন, ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের দিক থেকে দক্ষিণ এশিয়ায় শ্রীলংকার পরেই আমাদের অবস্থান। আমাদের প্রায় দেড় কোটি মোবাইল ব্যাংক হিসাব, আর মাত্র ১০ টাকায় ব্যাংক হিসাব খোলা হয়েছে ১ কোটি ৩৩ লাখের মতো।’
তিনি বলেন, সম্প্রতি আমরা পথশিশুদের জন্যে ১০ টাকায় হিসাব খোলার ব্যাপারে সার্কুলার জারি করেছি। যাদের কোনো অভিভাবক নেই, সেই পথশিশুদের জন্যে কোনো সংগঠন এগিয়ে এলে হিসাব খুলতে পারবে। এসব হিসাব বিবেচনায় নিলে আমরা আর্থিক অন্তর্ভুক্তির দিক থেকে এক নম্বর দেশে পরিণত হবো।
[b]ঢাকা, ৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
“আর ৯৬ কোটি টাকা হলেই নতুন স্কুল ব্যাংক হবে”
৩ বছরে স্কুল ব্যাংকিংয়ে সঞ্চয় তিনশ কোটি ছাড়িয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান এ তথ্য জানান। তিনি জানান, ২০১০ সালের নভেম্বরে শুরুর পর থেকে এ পর্যন্ত স্কুলব্যাংকিং হিসাব খোলা হয়েছে ২ লাখ ৮৬ হাজার। এসব হিসাবে শিক্ষার্থীরা সঞ্চয় করেছে ৩০৪ কোটি টাকা।





