নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন করেছে।
মঙ্গলবার বিএসইসির ৫১২ তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।
বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড শেয়ারবাজারে ৪ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ৪০ কোটি টাকা সংগ্রহ করবে। এ জন্য কোম্পানির প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।
আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থ দিয়ে কোম্পানিটি চলতি মূলধন, ব্যাংকের মেয়াদি ঋণ এবং আইপিও খাতে খরচ করবে।
৩০ জুন ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৮২ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২৪.২৬ টাকা।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে সোনালি ইনভেস্টমেন্ট লিমিটেড।
খুলনা প্রিন্টিং বিশ্বমানের প্যাকেজিং সামগ্রী তৈরী করে। এর মধ্যে রয়েছে মাস্টার কার্টুন, স্টিকার এবং রাইডার। এটি শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান।
[b]ঢাকা, ৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]





