চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে বিশ্বের বৃহত্তম সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের। এই সময়ে প্রতিষ্ঠানটির প্রকৃত আয় ১৩৮ শতাংশ বা ৭৯ কোটি ১০ লাখ ডলার বেড়েছে। বিবিসি অনলাইনের খবরে এ তথ্য জানা গেছে।

ফেসবুক জানিয়েছে, দ্বিতীয় প্রান্তিকে বিজ্ঞাপন খাত থেকে সবচেয়ে বেশি রাজস্ব আয় হয়েছে ফেসবুকের, যা ২০১৩ সালের একই সময়ের চেয়ে ৬৭ শতাংশ বেশি। দ্বিতীয়ার্ধে বিজ্ঞাপন খাত থেকে আয় হয়েছে ২৬৮ কোটি ডলার।

মোট বিজ্ঞাপন রাজস্বের মধ্যে কেবল মোবাইল ফোনের মাধ্যমে ৬২ শতাংশ বিজ্ঞাপন এসেছে। যদিও ২০১২ সালে মোবাইল বিজ্ঞাপনের পরিমাণ ছিল খুবই কম।

অন্যদিকে ফেসবুকের দ্রুত সম্প্রসারণের ফলে মুনাফায় তার প্রভাব পড়েছে। এ ছাড়া দ্বিতীয়ার্ধে আগের অর্থবছরের চেয়ে খরচ বেড়েছে ১৫২ কোটি ডলার, যা ২০১৩ সালের একই সময়ের চেয়ে ২২ শতাংশ বেশি।

এক বিবৃতিতে ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেন, ‘এবারের দ্বিতীয়ার্ধটা আমাদের বেশ ভালোই কেটেছে।’

বর্তমানে প্রতি মাসে নিয়মিত ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১৩২ কোটি; যা গত বছরের চেয়ে ১৪ শতাংশ বেশি। এই ব্যবহারকারীদের মধ্যে ১০০ কোটির বেশি মোবাইল ফোনে ফেসবুক ব্যবহার করেন।

ঢাকা, ২৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এমআর