বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত এবং এর সহযোগী সংগঠন ছাত্রসেনার ডাকা রোববারের হরতাল প্রত্যাহারের আহবান জানিয়েছে ব্যবসায়ীদের সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

শনিবার এক বিবৃতিতে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে এ আহবান জানানো হয়।

একইভাবে এফবিসিসিআই সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব ও জনপ্রিয় টিভি উপস্থাপক নূরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়, দেশে বর্তমানে ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে। বৈদেশিক মূদ্রার রিজার্ভ, রেমিট্যান্স, বৈদেশিক বিনিয়োগ, আমদানি ও রপ্তানি কার্যক্রমের গতিধারা ইতিবাচক। অনুকূল বিনিয়োগ পরিস্থিতির কারণে চীন, জাপানসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা বিনিয়োগে এগিয়ে আসছেন। এমন সময়ে হরতালসহ যে কোনো নেতিবাচক কার্যক্রম দেশের ভাবমূর্তির ওপর প্রভাব ফেলবে এবং বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হবে।

মরহুম ফারুকীর হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার মাধ্যমে কঠোর শাস্তি দিতে সরকারের কাছেও আবেদন জানিয়েছে এফবিসিসিআই।

ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ