রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে স্পট গোল্ডের দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৪১ দশমিক ২৭ ডলারে উঠেছে। দিনের শুরুতে দাম ১৫ মে’র পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

এর আগে গত সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম ৫ শতাংশের বেশি বেড়েছিল। এদিকে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের দাম ০ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৯৭ দশমিক ৭০ ডলারে লেনদেন হয়েছে।

দুর্বল ডলারে বাড়ছে স্বর্ণের চাহিদা

বিশ্ববাজারে মার্কিন ডলার এখন কয়েক মাসের সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি রয়েছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি দীর্ঘমেয়াদি বন্ড পুনঃক্রয়ের পরিমাণ বাড়ানোর ঘোষণা দেওয়ার পর ডলার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

সাধারণত ডলারের দাম কমে গেলে অন্যান্য মুদ্রায় লেনদেন করা ক্রেতাদের কাছে ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণ তুলনামূলক সস্তা হয়ে যায়। এতে স্বর্ণের চাহিদা বাড়ে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, সপ্তাহের শুরুতেই স্বর্ণ আবার শক্তিশালী অবস্থানে ফিরেছে। দুর্বল ডলারের পাশাপাশি উচ্চ বন্ড ফলনও বাজারের নজরে রয়েছে। এসব বিষয় অর্থনীতির অন্তর্নিহিত চাপ ও নীতিগত অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে কি না, তা নিয়েও আলোচনা চলছে।

বাজার বিশ্লেষকেরা এখন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চেয়ারম্যানের বক্তব্যের দিকে তাকিয়ে আছেন। ফেড চেয়ারম্যান যদি সুদের হার নিয়ে সতর্ক ও নমনীয় অবস্থানের ইঙ্গিত দেন, তাহলে স্বর্ণের দাম আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

সুদের হার কমার সম্ভাবনা বাড়লে সাধারণত সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ বাড়ে। ফলে বিনিয়োগকারীদের চাহিদা বাড়ার সঙ্গে স্বর্ণের দামও ঊর্ধ্বমুখী হতে পারে।

ভূরাজনৈতিক উত্তেজনাও প্রভাব ফেলছে

বিশ্ববাজারে স্বর্ণের দামে ভূরাজনৈতিক উত্তেজনারও প্রভাব রয়েছে। ইরানের বিরুদ্ধে বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র।

এ পরিস্থিতিতে বিশ্ববাজারে অনিশ্চয়তা বেড়েছে। ফলে নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহও শক্তিশালী রয়েছে।

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট রুপার দাম প্রায় অপরিবর্তিত থেকে প্রতি আউন্স ৬৮ দশমিক ৯৮ ডলারে রয়েছে। প্লাটিনামের দাম ০ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৮৭৮ দশমিক ৮৮ ডলারে উঠেছে। আর প্যালাডিয়ামের দাম অপরিবর্তিত থেকে প্রতি আউন্স ১ হাজার ৩৫০ ডলারে রয়েছে।

এমএম