বিশ্লেষকদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনের সম্ভাবনা কম থাকায় নিকট ভবিষ্যতেও তেলের দাম উচ্চপর্যায়ে থাকতে পারে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ৩৫ ডলার বা ৩ দশমিক ০৮ শতাংশ বেড়ে ১১২ দশমিক ১৭ ডলারে দাঁড়িয়েছে। গত ১৮ মে-এর পর এটিই ব্রেন্ট ক্রুডের সর্বোচ্চ দাম।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৬৮ ডলার বা ২ দশমিক ৭৬ শতাংশ বেড়ে ৯৯ দশমিক ৮৩ ডলারে পৌঁছেছে।

পিভিএম অয়েলের বিশ্লেষক তামাস ভার্গা বলেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের প্রচেষ্টার বিশ্বাসযোগ্যতা কমে আসছে। হরমুজ প্রণালিতে জাহাজে হামলা এবং সৌদি আরব ও দেশটির তেল অবকাঠামোয় হুতিদের আক্রমণ নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

তাঁর মতে, মধ্যপ্রাচ্য থেকে সংঘাত শুরুর আগের তুলনায় বেশি তেল রপ্তানির খবরও সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির কারণে বাজারের উদ্বেগ কমাতে পারছে না।

ভার্গা আরও বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত এসব সংঘাত কমার সম্ভাবনা দেখা যাচ্ছে না। ফলে নিকট ভবিষ্যতে তেলের দাম চড়া থাকতে পারে।

এদিকে, মরগান স্ট্যানলির বিশ্লেষকেরা এক নোটে জানিয়েছেন, গত সপ্তাহে মধ্যপ্রাচ্য থেকে প্রতিদিন প্রায় ১ কোটি ৭০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি হয়েছে।

মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির মধ্যে সৌদি আরবে নিজেদের কূটনৈতিক উপস্থিতি নিয়েও সতর্ক অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানিয়েছে, সৌদি আরবে অবস্থিত মার্কিন মিশনগুলোর কয়েকজন কূটনীতিক ও তাঁদের পরিবারের সদস্যদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। পাশাপাশি মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি মার্কিন মিশন থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে ওয়াশিংটন।

এরই মধ্যে বুধবার সৌদি আরবের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী। দাম্মামের একটি বেসামরিক বিমানবন্দরে হামলায় অন্তত দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ছাড়া সৌদি আরবের একটি তেলক্ষেত্রে ড্রোন হামলায় আরও দুজন নিহত হয়েছেন।

অন্যদিকে, ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিকেও বুধবার বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। তবে বিস্ফোরণের উৎস ও প্রকৃতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়েও কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

নতুন এক বার্তায় সংস্থাটি জানিয়েছে, তাদের অনুমতি ছাড়া কোনো বাণিজ্যিক জাহাজ মার্কিন বাহিনীর সহায়তায় হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে আবারও লক্ষ্যবস্তু করা হবে।

বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি হরমুজ প্রণালিকে ঘিরে নিরাপত্তা ঝুঁকি বাড়ায় আন্তর্জাতিক তেল সরবরাহ নিয়ে উদ্বেগও বেড়েছে।

মধ্যপ্রাচ্যে সংঘাত, গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচলের ঝুঁকি এবং তেল অবকাঠামোয় হামলার আশঙ্কা—সব মিলিয়ে জ্বালানি বাজারে অনিশ্চয়তা বাড়ছে। পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে তেলের দাম আরও কিছুদিন উচ্চপর্যায়ে থাকতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

সূত্র: রয়টার্স, দ্য স্টার

এস