ব্যাংকিং খাতের অনিয়ম-দুর্নীতি বন্ধে অতি দ্রুত ও দৃশ্যমান বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ। আর্থিক খাতে গন্ডগোল হলে দেশের উন্নয়ন বাঁধাগ্রস্থ হয় বলেও এসময় মন্তব্য করেন এই অর্থনীতিবিদ।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠায় করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ দাবি জানান।

ব্যাংকিং খাতের অনিয়ম-দুর্নীতি বন্ধে কেন্দ্রীয় ব্যাংককে পরামর্শ দিয়ে সাবেক এই অর্থনীতিবিদ বলেন, দেশের ব্যাংকগুলোকে বেশি নিয়ন্ত্রণ করা যাবে না। বেশি নিয়ন্ত্রণ করাটা খারাপ। এক্ষেত্রে ব্যালেন্স করতে হবে।

ব্যাংকগুলোকে তাদের নিয়মের পরিপালন করার আহবানন জানিয়ে তিনি বলেন, নিয়ম পরিপালনের ব্যাপারে সচেষ্ট না হলে সারাজীবনেও অনিয়ম-দুর্নীতি বন্ধ হবে না।

ব্যাংকের আইটি সেক্টরের বিষয়ে সালেহ উদ্দিন বলেন, শুধু আইটি মেশিন হলেই হবে না। এসব সেক্টরে দক্ষ ও সৎ মানুষের প্রয়োজন। এগুলো চালানো লোকদের দক্ষ করে তুলতে হবে।

ব্যাংকের মনোভাব পরিবর্তন করতে হবে উল্লেখ করে তিনি বলেন,   ব্যাংকগুলোকে যথাসময়ে ঋণ দিতে হবে। ঋণ কার্যক্রম এবং টার্গেটগুলো ফুলফিল হচ্ছে কিনা তা দেখতে হবে।

বাংলাদেশ ব্যাংকের তদারকি ও নিয়ন্ত্রণ আরও স্বচ্ছ হতে হবে বলে্ও মন্তব্য করেন তিনি।

ব্যাংকিং সেক্টরে রাজনীতি ঢুকে গেলে এই সেক্টর ভালো থাকতে পারে না মন্তব্য করে তিনি বলেন, রাজনীতি স্বচ্চ না হলে কিছুই ঠিক হবে না।

গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত আছেন তত্তাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মির্জা আজিজুল ইসলাম, পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী, সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার প্রমুখ।

ইআর/এমবি