চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম ‘কনফেডারেশন অব ইস্টার্ন চেম্বারস্ অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’(সিইসিসিআই) এর ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া চট্টগ্রাম চেম্বার পরিচালক মাহবুবুল হক চৌধুরী (বাবর) ও প্রাক্তন পরিচালক শেখ মাহফুজ হামিদ এক্সিকিউটিভ কমিটির সদস্য নির্বাচিত হন।

পশ্চিমবঙ্গের কলকাতাস্থ বেঙ্গল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে ভারতের বিভিন্ন প্রাদেশিক চেম্বার, বাংলাদেশ থেকে চিটাগাং চেম্বার, নেপাল, ভুটান, মিয়ানমার কনফেডারেশন অব ইস্টার্ন চেম্বারস্ অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের চার্টার অনুমোদন সভা ৫ মে ২০১৫ ইং তারিখ কলকাতা পার্ক হোটেলে অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার ফার্স্ট সেক্রেটারি (কমার্শিয়াল) সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চার্টার অনুমোদনের মাধ্যমে এই সংগঠনের ভিশন, অবজেকটিভ, প্রিন্সিপলস অব অপারেশন এবং ফাইন্যান্স সম্পর্কিত সেকশনসমূহ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

সভায় বেঙ্গল চেম্বারের বর্তমান সভাপতি ড. অলোক রায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। অপর দুই ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন বিহার চেম্বার অব কমার্সের সভাপতি ও পি সাহ ও ফেডারেশন অব ইন্ডাস্ট্রি এন্ড কমার্স অব নর্থ ইস্টার্ন রিজিওন’র চেয়ারম্যান আর এস জোসি।

সচিবালয়ের দায়িত্ব পালন করবে বেঙ্গল চেম্বার সচিবালয়। সংশ্লিষ্ট দেশসমূহের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণে শুল্ক ও অশুল্ক বাধা বিষয়ে সংশ্লিষ্ট সরকারের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করাই এই কনফেডারেশনের মূল লক্ষ।

নতুন এ সংগঠন বিশেষত প্রাইভেট সেক্টরের উন্নয়নে ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে এবং সংগঠনভূক্ত দেশসমূহের মধ্যে দ্বিপাক্ষিক/বহুপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে এতদঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘ভারতের বাজারে বাংলাদেশি অনেক পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার থাকলেও কেন্দ্রীয় সরকারের বিধিমালার সঙ্গে প্রাদেশিক সরকারের নিয়ম-কানুনের অসামঞ্জস্যের কারণে এইসব পণ্য রপ্তানি করা সম্ভব হচ্ছে না।

তদুপরি প্রত্যেক রাজ্যে সরকারের ল্যাবটেস্টিং ভিন্ন ভিন্ন হওয়ার কারণে এবং বাংলাদেশ থেকে পণ্য রপ্তানিতে সমূহ বিপত্তি ও দীর্ঘসূত্রিতা রপ্তানিকারকবৃন্দকে নিরুৎসাহিত করে আসছে।

এক্ষেত্রে সংশ্লিষ্ট চেম্বারগুলোকে স্ব-স্ব প্রাদেশিক সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানোর পরিপ্রেক্ষিতে সকলেই সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।’

এমকে