মহামারি করোনার প্রার্দুভাবের মধ্যেও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
আন্তর্জাতিক বাজারে মূল্য বাড়ার কারণে দাম বাড়ানো হয়েছে বলছে সংগঠনটি।
প্রতি ভরি স্বর্ণে ৫৭১৫ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে সংগঠনটি। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের সর্বোচ্চ ক্রয়মূল্য হবে ৬৯৮৬৭ টাকা।
সোমবার (২২জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। মঙ্গলবার (২৩ জুন) থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে।
স্বর্ণের এ দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকে দ্বিতীয় অর্ধেও। এশিয়ার পর ইউরোপের বাজারে দিনের শুরুতে স্বর্ণের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ে। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম রেকর্ড ১৭৬০ ডলার ছাড়িয়ে গেছে।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, ফেব্রুয়ারি- মার্চে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন হলেও সম্প্রতি আবার বাড়তে শুরু করেছে। সোমবার দাম বাড়ার প্রেক্ষিতে গত এক সপ্তাহে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে দুই শতাংশের ওপরে।
গত বছরের শেষের দিকে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ১৪৫৪ ডলার। এরপর করোনা ভাইরাসের প্রকোপের মধ্যে ফেব্রুয়ারিতে ১৬৬০ ডলারে উঠে যায়।
তবে মার্চে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন হয়। এক ধাক্কায় দাম কমে প্রতি আউন্স ১৪৬৯ ডলারে নেমে আসে। মার্চে দরপতন হলেও আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ঘুরে দাঁড়াতে বেশি সময় নেয়নি।
হু হু করে দাম বেড়ে মে মাসে প্রতি আউন্স স্বর্ণের দাম রেকর্ড ১৭৪৮ ডলারে উঠে যায়। এরপর ছোট খাটো উত্থান-পতন হলেও গত এক সপ্তাহে স্বর্ণের দামে বড় উত্থান হয়েছে।
এএস





