পুঁজিবাজারের তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের সহযোগী প্রতিষ্ঠান আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের বিরুদ্ধে গ্রাহক প্রতারণার অভিযোগ নথিভুক্তির মাধ্যমে নিষ্পত্তি করেছে দুর্নীতি দমন কশিমন (দুদক)।

প্রধান অভিযুক্ত আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান ফায়েকুজ্জামান এবং পরিচালক ও প্রধান নির্বাহী মো. মশিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির কোনো তথ্য-প্রমাণ না পাওয়ায় তাদের দু’জনকে এ অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সম্প্রতি কমিশন এ অভিযোগ নথিভুক্তির মাধ্যমে নিষ্পত্তি করেছে। দুদক সূত্র সোমবার দ্য রিপোর্টকে এ সব তথ্য নিশ্চিত করেছে।

দুদক সূত্র জানায়, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের গ্রাহক মেজর (অব.) মো. আবদুর রাজ্জাক ২০০৯ সালের ৭ অক্টোবর শেয়ারবাজারে নিজের এবং স্ত্রীর নামে দু’টি হিসাব (হিসাব নম্বর ৮৮৫০ ও ৮৮৫১) খোলেন। পরবর্তী সময়ে তিনি চার লাখ টাকা দিয়ে গ্রামীণফোনের শেয়ার ক্রয় করেন।

অভিযোগে বলা হয়, আবদুর রাজ্জাক কোনো মার্জিন ঋণ গ্রহণ করেননি। অথচ ২০১৪ সালের ১৯ জুন আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের পক্ষ থেকে চিঠি দিয়ে তাকে মার্জিন ঋণের কথা জানানো হয়।

ওই চিঠিতে বলা হয়, বিনিয়োগ হিসাব ৮৮৫০-এর বিপরীতে ছয় লাখ ৪২ হাজার ৮৫ টাকা মার্জিন ঋণ নেওয়া হয়েছে। ঋণ পরিশোধ ও সমন্বয়ের জন্যই মূলত ওই চিঠি দেওয়া হয়। একইভাবে আবদুর রাজ্জাকের স্ত্রী জাহানারা পারভীনের নামেও ৯ লাখ টাকা মার্জিন ঋণ দেখানো হয়। এভাবে স্বামী-স্ত্রীর নামে মোট প্রায় সাড়ে ১৫ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ ছিল।

দীর্ঘ প্রায় ছয় মাস অনুসন্ধান করে এ সব অভিযোগের কোনো সত্যতা পাওয়া না যাওয়ায় অভিযোগটি নথিভুক্তির মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে।

দুদকের সহকারী পরিচালক মো. আল আমিন এ অভিযোগ অনুসন্ধান করেন।

এএইচ