রিজার্ভের টাকা চুরির ঘটনায় রাজধানীর মতিঝিল থানায় দায়েরকৃত মামলা তদন্ত করতে বাংলাদেশ ব্যাংকে গেছে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল।

বেলা ১১টার দিকে সিআইডির অতিরিক্ত উপমহাপরিদর্শক শাহ আলমের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংকে যায়।

পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, সিআইডি দল ব্যাংক কর্মকর্তাদের কাছ থেকে টাকা চুরির ঘটনার বর্ণনা শুনবে।

লাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরির ঘটনা জানাজানির এক সপ্তাহ পরে মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে মতিঝিল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন।

এর আগে থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ (সংশোধনী ২০১৫) এর ৪ সহ তথ্য ও প্রযুক্তি আইন ২০০৬ এর ৫৪ ধারায় ও ৩৭৯ ধারায় এ মামলা গ্রহণ করা হয়।

তিনি জানান, লোপাট যাওয়া অর্থের পরিমাণ উল্লেখ করা হয়েছে ১০১ মিলিয়ন ডলার।

অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে বিপুল পরিমাণ টাকা জালিয়াতির ঘটনায় মঙ্গলবার প্রাক্তন গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে আরো দুজন অর্থনীতিবিদকে সদস্য রাখা হয়েছে। এই কমিটি তদন্ত শেষে প্রতিবেদন আকারে বিস্তারিত তুলে ধরবে।


এসএম