হারবিষ্ট গ্রুপের কমনথ্রেড লিমিটেড কারখানা শ্রমিকদের চারমাসের বকেয়া বেতনের দাবিতে অনির্দিষ্টকালের অনশন পালন করছে প্রতিষ্ঠানটির শ্রমিক-কর্মচারীরা।

গত বুধবার রাত ৮টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করছে তারা।

এর আগে একই দাবিতে গত রোববার থেকে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চলবে বলে জানিয়েছে ফেডারেশনের নেতারা।

জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি বাহারানে সুলতান বাহার বলেন, ‘গত তিনদিন শ্রমিকেরা অবস্থান কর্মসূচি পালন করে আসছে। কর্তৃপক্ষ সমস্যা সমাধানে এগিয়ে আসায় আমরা বুধবার রাত ৮টা থেকে শ্রমিকদের নিয়ে অনশন শুরু করি।’

তিনি বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা শ্রমিকদের নিয়ে অনশন চালিয়ে যাব। আশা করি কর্তৃপক্ষ সমস্যা সমাধানে এগিয়ে আসবে।’

তিনি আরো বলেন, ‘গত চারমাসে শ্রমিক-কর্মচারীদের বেতন না দিয়ে কারখানা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। অনেকবার কারখানা খোলার প্রতিশ্রুতি দেয়া হলেও এখন পর্যন্ত তা খোলা হয়নি।’

অনশনরত শ্রমিক নাসিমা আক্তার বলেন, ‘আমরা তিনদিন অবস্থান কর্মসূচি পালন করার পরও কর্তৃপক্ষ সমস্যা সমাধানে এগিয়ে না আসায় অনশন শুরু করি। ইতোমধ্যে অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়ছেন। দ্রুত সমস্যা সমাধান না হলে শ্রমিকদের শারীরিক পরিস্থিতির ভয়াবহ অবনতি হবে। এমন অবস্থায় আমরা শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী, বিজেএমইসহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করছি।’

জেআই