বাংলাদেশে সর্বোচ্চ প্রবাসী আয় আসে সৌদি আরব থেকে। আকামা পরিবর্তনসহ ভিসা জটিলতায় গত অর্থবছর দেশটি থেকে প্রবাসী আয় কম এসেছে। শুধু সৌদি আরব নয়, গেল অর্থবছর রেমিট্যান্স কমেছে আরো নয়টি দেশ থেকেও। সব মিলিয়ে ২০১২-১৩ অর্থবছরের তুলনায় সমাপ্ত অর্থবছর রেমিট্যান্স কমেছে ১ দশমিক ৬ শতাংশ।

সৌদি আরব ছাড়াও যুক্তরাজ্য, কাতার, কুয়েত, ইরান, জাপান, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও হংকং থেকেও প্রবাসী আয় কম এসেছে। তবে বেড়েছে সংযুক্ত আরব আমিরাত, ওমান, বাহরাইন, লিবিয়া, যুক্তরাষ্ট্র, জার্মানি, মালয়েশিয়া ও ইতালি থেকে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, সমাপ্ত অর্থবছরে সৌদি আরব প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩১১ কোটি ডলার। ২০১২-১৩ অর্থবছরে দেশটি থেকে এসেছিল ৩৮২ কোটি ডলার। অর্থাৎ ২০১৩-১৪ অর্থবছরে দেশটি থেকে রেমিট্যান্স কমেছে সাড়ে ১৮ শতাংশ। একইভাবে কাতার থেকে গত অর্থবছর রেমিট্যান্স কমেছে প্রায় ১১ শতাংশ। ২০১২-১৩ অর্থবছর দেশটি থেকে

প্রবাসীরা ২৮ কোটি ডলার দেশে পাঠালেও গত অর্থবছর পাঠান ২৫ কোটি। এছাড়া কুয়েত থেকে ২০১২-১৩ অর্থবছর ১১৮ কোটি ডলার রেমিট্যান্স এলেও গত অর্থবছর তা কমে দাঁড়ায় ১১০ কোটিতে। আর ইরান থেকে গত অর্থবছর রেমিট্যান্স এসেছে মাত্র ৪ লাখ ডলার। ২০১২-১৩ অর্থবছর দেশটি থেকে এসেছিল প্রায় ২৬ লাখ ডলার।

রেমিট্যান্স কমেছে আরেক বড় উত্স যুক্তরাজ্য থেকেও। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০১২-১৩ অর্থবছর দেশটি থেকে রেমিট্যান্স এসেছিল ৯৯ কোটি ডলার। গত অর্থবছর তা কমে হয়েছে ৯০ কোটি ডলার। অর্থাৎ দেশটি থেকে প্রবাসী আয় কমেছে পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ৯ শতাংশ। পাশাপাশি গেল অর্থবছর সিঙ্গাপুর থেকে রেমিট্যান্স কমেছে ৭ কোটি, অস্ট্রেলিয়া থেকে ৬০ লাখ, জাপান থেকে ৪০ লাখ, দক্ষিণ কোরিয়া থেকে ৩০ লাখ ও হংকং থেকে ২০ লাখ ডলার।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, সরকারের পক্ষ থেকে জনশক্তি রফতানি বাড়ানোর উদ্যোগ নেয়া হলেও তা সফল হয়নি। বেসরকারি জনশক্তি রফতানিকারক প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও সরকারের দ্বন্দ্ব ছিল। এছাড়া জনশক্তি রফতানির সবচেয়ে বড় বাজার মধ্যপ্রাচ্যের দিকে সরকারের তেমন নজর ছিল না। সব মিলিয়ে নেট জনশক্তি রফতানি কমেছে। একই সঙ্গে কমেছে রেমিট্যান্সও।

সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শ্রমবাজারগুলো চালু করতে না পারায় ও নতুন করে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি শ্রমবাজার বন্ধ হয়ে যাওয়ায় জনশক্তি রফতানিতে স্থবিরতা দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ২০১৩-১৪ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৪ দশমিক ২২ বিলিয়ন ডলার। ২০১২-১৩ অর্থবছরে এর পরিমাণ ছিল ১৪ দশমিক ৪৬ বিলিয়ন ডলার। এছাড়া ২০১১-১২ অর্থবছরে এসেছিল ১২ দশমিক ৮৪ বিলিয়ন, ২০১০-১১ অর্থবছরে ১১ দশমিক ৬৫, ২০০৯-১০ অর্থবছরে ১০ দশমিক ৯৮ ও ২০০৮-০৯ অর্থবছরে ৯ দশমিক ৬৮ বিলিয়ন ডলার।

ঢাকা, ১৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এমআর