গত দু’দিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌ-বন্দর থেকে ভারতীয় চাল পরিবহন বন্ধ রয়েছে। একটানা বৃষ্টিপাতের কারণেই সাময়িক চাল পরিবহনে প্রতিবন্ধকতা তৈার হয়েছে।
চাল সরবরাহের দায়িত্ব পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান সূত্র জানিয়েছে, আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত চাল পরিবহন বন্ধ থাকবে।
সূত্র জানায়, প্রথম চালানের পাঁচটি জাহাজের পাঁচ হাজার ৮০ মেট্রিকটন চালের মধ্যে গত ৭ দিনে ১৭ মেট্রিক টন করে ৮০টি ট্রাকে মোট ১৩৬০ মেট্রিক টন চাল ভারতের ত্রিপুরার নন্দননগর এলাকার এফআইসি গোডাউানে পৌঁছে দেওয়া হয়েছে। বৈরি আবহাওয়া না কাটলে অনির্দিষ্টকালের জন্য চাল সরবরাহ বন্ধ থাকবে।
আশুগঞ্জ বন্দরের পরিবহন পরির্দশক শাহ আলম জানান, মঙ্গলবার ট্রাকে লোড করা চাল বুধবার সকালে ভারতে পাঠানো হয়েছে। এখন গত দু'দিন ধরে বৃষ্টির জন্য চাল ট্রাকে লোড করতে না পারার সরবারহ বন্ধ রয়েছে।
ভারতের আসাম রাজ্যের লামডিং-শিলচর রেলপথ বন্ধ থাকায় ত্রিপুরাসহ উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে খাদ্যশস্য পরিবহনের জন্য ভারতের অনুরোধে বাংলাদেশ সরকার তাদের এ সুবিধা দিচ্ছে। গত ৭ আগস্ট পাঁচ হাজার ৮০ মেট্রিক টন খাদ্য নিয়ে পাঁচটি কার্গো জাহাজ আশুগঞ্জ নৌ-বন্দরে আসে।
ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





