সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে দুটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

বুধবার (২৯ এপ্রিল) সকালে আশুলিয়ার শিমুলতলা এলাকার ওয়ার্ল্ড ওয়ান ডেনিম লিমিটেড ও ডিইপিজেড এলাকার এ ওয়ান কারখানার শ্রমিকরা এই বিক্ষোভ পালন করে।

শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, আশুলিয়ার শিমুলতলা এলাকার ওয়ার্ল্ড ওয়ান ডেনিম লিমিটেড কারখানার শ্রমিকরা কয়েকদিন ধরে বকেয়া বেতনের দাবিতে বন্ধ থাকা কারখানার সামনে জড়ো হয়। তবে কর্তৃপক্ষের কোনও সাড়া না পেয়ে বুধবার সকাল ১০টার দিকে আব্দুল্লাপুর-বাইপাইল সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

অন্যদিকে চার মাসের বকেয়া বেতনের দাবিতে এ ওয়ান কারখানার শ্রমিকরা ডিইপিজেডের সামনে জড়ো হয়। পরে তারা সেখানে বিক্ষোভ করতে থাকে। বেশ কিছু সময় বিক্ষোভ করতে থাকার পর দ্রুত শ্রমিকদের বকেয়া বতেন পরিশোধের আশ্বাস দিলে তারা চলে যায়।

ঢাকা শিল্প পুলিশ-১ এর সহকারী পুলিশ সুপার জানে আলম খান বলেন, “শিমুলতলা এলাকার কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের জন্য চেষ্টা করছেন তারা। এছাড়াও ডিইপিজেড এলাকায় যে কোনও অপ্রিতীকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।”

এমবি