আশুলিয়ায় পোশাক প্রতি মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছে একটি রপ্তানিমুখী সোয়েটার কারখানার শ্রমিকরা। এ সময় কারখানাটির উৎপাদন কর্মকর্তাকে মারধরের ঘটনাও ঘটে।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শিল্পাঞ্চলের জিরাবো পুকুরপাড় এলাকার মাহবুব অ্যাপারেলস নামক সোয়েটার কারখানায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নতুন বছর শুরুর পর কর্তৃপক্ষের কাছে পোশাক প্রতি মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল কারখানাটির শ্রমিকরা।

তবে শ্রমিকদের দাবির বিষয়ে কর্তৃপক্ষ তেমন গুরুত্ব না দেওয়ায় সোমবার সকালে কাজে যোগ দিয়ে কারখানার ভেতরে একযোগে কর্মবিরতি শুরু করে সাত শতাধিক শ্রমিক।

এ সময় শ্রমিকদের কাজে যোগ দেওয়ার জন্য চাপ প্রয়োগ করায় কারখানাটির উৎপাদন কর্মকর্তা শাহজাহান মীরকে মারধর শুরু করে শ্রমিকরা।

এরপরই কারখানার অভ্যন্তরে একযোগ বিক্ষোভ করতে থাকে শ্রমিকরা। সংবাদ পেয়ে পুলিশ গিয়ে শ্রমিকদের শান্ত করেন। এ ঘটনায় দুপুরে কারখানাটি একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এমকে