বাজারে সপ্তাহ ব্যবধানে পেঁয়াজের কেজি ১০ টাকা বেড়েছে। একই সঙ্গে ডিম, মাছ ও মুরগীসহ বিভিন্ন ধরনের সবজির দাম বাড়ছে।

শুক্রবার (৪ মার্চ) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বরবটি ১৪০ থেকে ১৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে । ঢেঁড়শের কেজি ১১০ টাকা বিক্রি হচ্ছে। আর ভালো মানের করলা ১০০ টাকা বিক্রি হচ্ছে। তবে নিম্নমানের করলা কোথাও কোথাও ৫০ টাকা কেজি পাওয়া যাচ্ছে।

বরবটি ও ঢেঁড়শের দামের বিষয়ে ব্যবসায়ীরা বলছেন, বরবটি ও ঢেঁড়শ বাজারে কম আসছে। এসব সবজি বেশি দামে কেনায়, বিক্রি বেশি দামে করতে হচ্ছে। তবে বাজরে যখন বরটি ও ঢেঁড়শ পর্যাপ্ত থাকবে তখন দাম কমে আসবে।

খিলগাঁওয়ের ব্যবসায়ী মো. জমির বলেন, আড়ত থেকেই বরবটি ও ঢেঁড়শ কেজি কেনা পড়েছে একশ টাকার ওপরে। ভালো মানের করলা বেশি দামে কেনা পড়েছে। এ কারণে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

তিনি বলেন, কমদামে সবজি খাওয়ার দিন শেষ হয়ে গেছে। আস্তে আস্তে সবধরনের সবজির দাম বাড়ছে। এখন একশ টাকার ওপরে তিনটি সবজি বিক্রি হচ্ছে। কয়দিন পর একশ টাকা কেজি হিসেবে আরও দু-একটি সবজি কিনতে হবে। ইতোমধ্যে ২০ টাকা কেজি বিক্রি হওয়া টমেটোর কেজি ৬০ টাকা হয়েছে

এদিকে গত সপ্তাহে ৪৫ থেকে ৫০ টাকা কেজি বিক্রি হওয়া পেঁয়াজের দাম বেড়ে এখন ৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। কোনো কোনো ব্যবসায়ী বাছাই করা পেঁয়াজের কেজি ৬৫ টাকা বিক্রি করছেন।

পেঁয়াজের দামের বিষয়ে মালিবাগ হাজীপাড়ার ব্যবসায়ী মো. জাহাঙ্গীর বলেন, সপ্তাহ আগে পেঁয়াজের কেজি ৬০ টাকা ছিল। মাঝে পেঁয়াজের দাম কমে ৪৫ টাকায় নামে। কিন্তু দুদিন ধরে পেঁয়াজের দাম আবার ৬০ টাকা হয়েছে।

পেঁয়াজের দামের বিষয়ে কারওয়ানবাজারের ব্যবসায়ী হাবিবুর বলেন, বাজারে এখন দেশি পেঁয়াজের সরবরাহ কম। আমাদের ধারণা এ কারণেই পেঁয়াজের দাম বেড়েছে। সরবরাহ বাড়লে পেঁয়াজের দাম আবার কমবে।

দাম বাড়ার তালিকায় রয়েছে আলু। গত সপ্তাহে ১৫ টাকা কেজি বিক্রি হওয়া আলুর কেজি এখন বিক্রি হচ্ছে ১৮ টাকা। এ তালিকায় আরও রয়েছে টমেটো। গত সপ্তাহে ৪০ টাকা কেজি বিক্রি হওয়া পাকা টমেটোর দাম বেড়ে এখন ৬০ টাকা বিক্রি হচ্ছে।

ফুলকপি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শিমের কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা। শালগমের (ওলকপি) কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা। লাউয়ের পিস বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। লালশাকের আঁটি ১০ থেকে ১৫ টাকা, পালংশাকের আঁটি বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকা।

বেগুনের ৫০ থেকে ৭০ টাকা, গাজরের কেজি ৩০ টাকা ও মুলার কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা। কাঁচকলার হালি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা।

এমআর