ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলটি উদ্বোধনের ঘণ্টা খানেক পরেই যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায় উৎপাদন।

শুক্রবার বেলা ১১টার দিকে ২০১৪-১৫ আখ মাড়াই মওসুম উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু। ঘণ্টা খানেক উৎপাদন হওয়ার পরে মিলের টারবাইনে (মিলহাউজ) যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে বন্ধ হয়ে যায় উৎপাদন। দক্ষ শ্রমিক না থাকায় ৭ ঘণ্টা পরও মিলটি সচল করতে পারেনি কর্তৃপক্ষ।

চিনি কলের কারখানা ব্যবস্থাপক নওশের উজ্জামান জানান,  দুপুর ১২ টায় মিলটি বন্ধ হওয়ার পর এখনো জানা যায়নি ব্রেক ডাউনের কারণ। প্রাথমিক ভাবে জানা গেছে টারবাইন মিল হাউজের মধ্যে আখ মাড়াইয়ের একটি রোলার ভেঙে গেছে।

তিনি জানান, সাম্প্রতিক বছরগুলোতে দক্ষ শ্রমিকরা অবসরে গেছেন। এ জন্য মিলটি সচল করা সম্ভব হচ্ছে না। তবে মিলটি কখন চালু করা সম্ভব হবে তা নির্দিষ্ট করে বলতে পারছে না দায়িত্বশীল কর্মকর্তারা।

সাধারণ শ্রমিকদের অভিযোগ, চলতি মাড়াই মওসুমের আগে জ্যেষ্ঠতা উপেক্ষা করে ও শ্রমিক ইউনিয়নের নেতারা ঘুষ নিয়ে এক শ্রমিককে টারবাইনে (মিলহাউজ) ফোরম্যান হিসাবে নিয়োগ দিয়েছেন। এ কারণে শুরুতেই যন্ত্রপাতি ঠিকমতো সংযুক্ত না হওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত মিল সচল করতে পারেনি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ২০১৪-১৫ আখ মাড়াই মওসুমে মোবারকগঞ্জ চিনিকলে এক লাখ ৩০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৯ হাজার ৭শ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মিলটি ১১০দিন চালিয়ে গড়ে শতকরা ৭ দশমিক ৫ হারে চিনি উৎপাদন করা যাবে।

জেএ