মেরিডিয়ান ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং সিএপিএম ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড নামে বেসরকারি খাতে নতুন দুটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ বুধবার এ বিষয়ে অনুমোদন দিয়েছে বলে জানা গেছে। এ দুটি অনুমোদনের পর আগের ৩১টি-সহ মোট অ-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াবে ৩৩টিতে।
নতুন অনুমতি পাওয়া মেরিডিয়ান ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের মূল উদ্যোক্তা হিসেবে রয়েছেন কাজী আমিনুল ইসলাম এবং সিএপিএম ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড ফিন্যান্স লিমিটেডের মূল উদ্যোক্তা হিসেবে রয়েছেন মাহমুদ হোসাইন। দেশী-বিদেশী উদ্যোক্তাদের সমন্বয়ে এ প্রতিষ্ঠান গঠিত হবে। আর ও এসব প্রতিষ্ঠানকে ১০০ কোটি টাকার মূলধন নিয়ে কাজ শুরু করতে হবে। এ অর্থ ব্যাংকে উদ্যোক্তাদের নামে লিয়েন করে রাখার পর বেশ কয়েকটি ধাপ অতিক্রম করে তারা কাজ শুরুর চূড়ান্ত অনুমতি পাবে।
সূত্র জানায়, নতুন দুই আর্থিক প্রতিষ্ঠানে শিগগিরই ৩১টি শর্ত দিয়ে তাদের নামে সম্মতিপত্র (এলওআই) ইস্যু করা হবে। এসব প্রতিষ্ঠানের কার্যক্রম শুরুর আগে বেশকিছু শর্ত পূরণ করতে হবে। উল্লেখযোগ্য শর্তের মধ্যে রয়েছে-নতুন ব্যাংকের মতো মূলধনের অর্থ প্রদর্শিত হতে হবে। কোনো কর বা ঋণখেলাপি ব্যক্তি উদ্যোক্তা হতে পারবেন না। এছাড়া উৎপাদনশীল খাতে বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি থাকতে হবে। একই পরিবারের সদস্যরা ১০ শতাংশের বেশি শেয়ার ধারণ করতে পারবেন না।
[b]ঢাকা, ৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]