ওজন ও পরিমাপে বিশ্বমান অর্জনের লক্ষ্যে দেশের শিল্পকারখানায় বিএসটিআই’র ভ্রাম্যমান ক্যালিব্রেশন (ওজন ও পরিমাপের যথার্থতা নিরূপন) সেবা উদ্বোধন করা হয়েছে। ইউরোপিয়ানইউনিয়নের (ইইউ) অর্থায়নে এবং জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থার (ইউনিডো) কারিগরি সহায়তায় বিএসটিআই এ সেবা চালু করেছে।

রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।

শিল্পমন্ত্রী বলেন, রপ্তানি বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে উৎপাদিত পণ্যের গুণগতমান আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে। এর পাশাপাশি ক্রেতাদের বাধ্যবাধকতা বা কমপ্লায়েন্স ইস্যুতে সক্ষমতা বাড়াতে হবে।

বাংলাদেশি পণ্যের রপ্তানি প্রবৃদ্ধির জন্য তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত পরীক্ষণ সুবিধা বৃদ্ধি, ওজন ও পরিমাপের যথার্থতা নিরূপন এবং অ্যাক্রেডিটেশন সনদ অর্জন জরুরি বলে মন্তব্য করেন।

বিএসটিআই’র ভ্রাম্যমান ক্যালিব্রেশন (ওজন ও পরিমাপের যথার্থতা নিরূপন) সেবা দেশিয় পণ্যের গুণগত মান সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান ও বেটার কোয়ালিটি ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প পরিচালক মোঃ লুৎফর রহমান তরফদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্, বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হান্না, বিএসটিআই’র মহাপরিচালক ইকরামুল হক, উপ-পরিচালক মোহাম্মদ আলী ও ইউনিডো’র কারিগরি পরামর্শক ড. ফ্র্যাঞ্জ হ্যান্সবারগার বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ইইউ’র অর্থায়নে এবং ইউনিডো’র কারিগরি সহায়তায় বাংলাদেশের শিল্পখাতসহ বিভিন্নখাতের গুণগত মানোন্নয়নের লক্ষ্যে ২০১০ সালে বেটার ওয়ার্ক অ্যান্ড স্ট্যান্ডার্ডস প্রোগ্রাম গ্রহণ করা হয়। এর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে শিল্পখাতে আন্তর্জাতিকমানের অবকাঠামো গড়ে তুলতে শিল্প মন্ত্রণালয় ‘বেটার কোয়ালিটি ইনফ্রাস্ট্রাকচার’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে।
গৃহিত এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ৪৮ কোটি টাকা। এটি চলতি বছর ডিসেম্বরে এ প্রকল্প সমাপ্ত হওয়ার কথা রয়েছে।

প্রকল্পের আওতায় জাতীয় কোয়ালিটি নীতি প্রণয়নের কাজ চলছে। এছাড়া বিএসটিআই’র মান গবেষণাগারের আধুনিকায়ন, জনবলের প্রশিক্ষণ এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির কাজ অব্যাহত রয়েছে।

বিএসটিআইকে শক্তিশালী করার অংশ হিসেবে ইতোমধ্যে প্রতিষ্ঠানের কেন্দ্রিয় কার্যালয়ে বিশ্বমানের ন্যাশনাল মেট্রোলজি ল্যাবরেটরি  স্থাপন করা হয়েছে। এর আওতায় দেশের শিল্পকারখানায় উৎপাদিত পণ্যের ওজন ও পরিমাপে যথাযর্থতা নিরূপনের জন্য ভ্রাম্যমান এ ক্যালিব্রেশন (ওজন ও পরিমাপের যথার্থতা নিরূপন) সেবার উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে বিএসটিআই’র নিকট ৪টি ভ্রাম্যমান ক্যালিব্রেশন (ওজন ও পরিমাপের যথার্থতা নিরূপন) ভ্যান হস্তান্তর করা হয়। বিএসটিআই’র কর্মকর্তারা এসব ভ্যান ব্যবহার করে এখন থেকে নিজস্ব উদ্যোগে দেশের বিভিন্ন কারখানা পরিদর্শন করে উৎপাদিত পণ্য এবং যন্ত্রপাতির ওজন ও পরিমাপের যথার্থতা নির্ধারণ করবে। এর ফলে অভ্যন্তরীণ বাজারে ওজন ও পরিমাপে কারচুপি প্রতিরোধের পাশাপাশি বাংলাদেশি পণ্যের রপ্তানির সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

ঢাকা, ৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এমআর