রিজার্ভের টাকা চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের দায়ের করা মামলার প্রতিবেদন দিতে আগামী ১৯ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

আজ বুধবার হাকিম মাহবুবুর রহমান এই দিন ধার্য করেন বলে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জালাল আহমেদ জানিয়েছেন।

রিজার্ভে থাকা বাংলাদেশ ব্যাংকের ৮শ’কোটি চুরির এই ঘটনায় মুদ্রা পাচার এবং তথ্য প্রযুক্তি আইনে মামলাটি দায়ের হয়।

বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের একাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের যুগ্ম পরিচালক মো. জোবায়ের বিন হুদার করা এই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডিকে। ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে বাংলাদেশের গচ্ছিত ওই অর্থ কীভাবে লোপাট হল, তা খুঁজে বের করতে ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে সরকার। ১০ কোটি ডলার হ্যাকিংয়ের মাধ্যমে হারানোর খবরটি গত ফেব্রুয়ারি মাসের শুরুতে ঘটলেও ফিলিপাইন- এর সংবাদপত্র ইনকোয়ারার-এ ওই মাসের শেষে প্রকাশিত একটি প্রতিবেদনে তা প্রকাশ করা হয়।

এই চাঞ্চল্যকর ঘটনাটি চেপে রাখায় দায় নিয়ে গভর্নর আতিউর রহমান দায়িত্ব ছাড়তে বাধ্য হওয়ার পর মামলাটি দায়ের করে বাংলাদেশ ব্যাংক।

এসটি