বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় মুদ্রা পাচার ও তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ মে দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার মামলাটির প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল । কিন্তু এদিন সিআইডি প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম প্রতিবেদন দাখিলের জন্য ওই দিন ঠিক করেন।
গত ১৬ মার্চ মামলাটি তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন আদালত।
মামলার এজাহার থেকে জানা যায়, বিশ্ব মিডিয়ায় আলোচিত ওই ঘটনায় গত ১৫ মার্চ মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের যুগ্ম পরিচালক জুবায়ের বিন হুদা।
মামলাটিতে সরাসরি কাউকে আসামি করা হয়নি বলে জানা গেছে। মামলাটি তদন্ত করার জন্য কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের ১০১ মিলিয়ন ডলার চুরির পর প্রায় দেড় মাস বিষয়টি গোপন থাকে। পরে ফিলিপাইনের গণমাধ্যমে এ সম্পর্কিত সংবাদ প্রকাশিত হলে তা ছড়িয়ে পড়ে বাংলাদেশের গণমাধ্যমেও। এ ঘটনায় বেশ বিব্রতকর অবস্থার মুখোমুখি হয় সরকার। অবশেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে পদত্যাগ করতে হয়। খবরটি দেশের গণমাধ্যমে আসার চারদিন পর মামলাটি করে বাংলাদেশ ব্যাংক।
এম আর





