বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার আন্তর্জাতিক সময় সকাল ১১টা ৩৮ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৪০ সেন্ট বা ১ দশমিক ২ শতাংশ বেড়ে ১১৪ ডলার ৫৭ সেন্টে দাঁড়ায়। এর আগে দাম বেড়ে ১১৫ ডলারে পৌঁছায়, যা গত ৪ মে’র পর সর্বোচ্চ।
এদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৪৮ সেন্ট বা ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ১০০ ডলার ৯৫ সেন্টে দাঁড়িয়েছে।
ব্রেন্ট ক্রুডের দাম টানা তৃতীয় সপ্তাহের মতো বাড়তে চলেছে। চলতি সপ্তাহে এ জ্বালানি তেলের দাম বেড়েছে ৪ দশমিক ২ শতাংশ। অন্যদিকে সপ্তাহ শেষে ডব্লিউটিআইয়ের দাম ০ দশমিক ৫ শতাংশ কম থাকতে পারে।
সংঘাতের আশঙ্কায় নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বৃহস্পতিবার সৌদি আরবের ধাহরানে অবস্থিত নিজেদের সদর দপ্তর খালি করার নির্দেশ দিয়েছে বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক প্রতিষ্ঠান সৌদি আরামকো।
ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্তাউনোভোর মতে, সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা এখনো বাজারে বিরাজ করছে। পরিস্থিতির অবনতি হলে জ্বালানি সরবরাহ আবারও ব্যাহত হতে পারে। তেল সরবরাহে অস্থিরতা এবং পণ্য পরিবহনের ব্যয় বেড়ে যাওয়ায় বাজারে সরবরাহের ঘাটতি তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে হুতিদের সংঘাত অব্যাহত রয়েছে। ইরান-সমর্থিত হুতিরা লোহিত সাগরের প্রবেশমুখে গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হওয়ার পর উত্তেজনা আরও বেড়েছে।
এক্সএস ডটকমের বিশ্লেষক লিন ট্রান বলেন, জ্বালানি সরবরাহে প্রকৃতপক্ষে কতটা বিঘ্ন ঘটছে এবং স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে কত সময় লাগছে, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। এসব বিষয়ই নির্ধারণ করবে সরবরাহের ঝুঁকির কারণে তেলের দামে কতটা বাড়তি মূল্য যুক্ত হবে।
তিনি আরও বলেন, হামলা অব্যাহত থাকলে এবং তেল সরবরাহে বিলম্ব ঘটলে বাজারে উচ্চমূল্য বজায় থাকার পক্ষে আরও শক্ত ভিত্তি তৈরি হবে।
সূত্র: রয়টার্স
এস











